মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কক্সবাজার জেলা

গৌরবময় স্মৃতিচারণে জাতীয় পতাকা উত্তোলন দিবস পালন করলো সত্যেন সেন শিল্পীগোষ্ঠী

২ মার্চ বাংলাদেশের ইতিহাসে এক অনন্য গৌরবের দিন—জাতীয় পতাকা উত্তোলন দিবস। ১৯৭১ সালের এই দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়-এর কলা ভবন প্রাঙ্গণে প্রথমবারের মতো স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলিত হয়। সবুজ জমিনের ওপর লাল বৃত্তের মাঝে সোনালি মানচিত্রখচিত সেই পতাকা উত্তোলন করেছিলেন তৎকালীন ডাকসুর সহসভাপতি আ স ম আবদুর রব, যা স্বাধীনতার সংগ্রামকে সুসংগঠিত রূপ দেওয়ার এক ঐতিহাসিক মুহূর্ত হিসেবে বিবেচিত।

ঐতিহাসিক এই দিনটি যথাযোগ্য শ্রদ্ধা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে স্মরণ করেছে সত্যেন সেন শিল্পীগোষ্ঠী, কক্সবাজার জেলা সংসদ। সোমবার (২ মার্চ) বিকাল ৪টায় কক্সবাজার পাবলিক লাইব্রেরী হলরুমে আয়োজিত অনুষ্ঠানের সূচনা হয় জাতীয় সংগীত ও দেশাত্মবোধক নৃত্য পরিবেশনার মাধ্যমে।সংগঠনের সভাপতি মো. খোরশেদ আলমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মনির মোবারকের সঞ্চালনায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্টজনেরা বক্তব্য রাখেন। বক্তারা বলেন, ১৯৭১ সালের ১ মার্চ ছাত্র সংগ্রাম পরিষদ গঠন এবং ২ মার্চ কলাভবন প্রাঙ্গণে পতাকা উত্তোলনের মধ্য দিয়েই স্বাধীনতার আন্দোলন সুস্পষ্ট দিকনির্দেশনা লাভ করে। সবুজ-লাল সেই পতাকা ছিল মুক্তিযুদ্ধের চেতনা, আত্মত্যাগ এবং স্বাধীন বাংলাদেশের আকাঙ্ক্ষার প্রতীক।তারা আরও উল্লেখ করেন, ইতিহাসের এই ধরনের মাইলফলক একটি জাতির আত্মপরিচয় নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং নতুন প্রজন্মের মধ্যে দেশপ্রেম, ঐক্য ও দায়িত্ববোধ জাগ্রত করে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশবরেণ্য নৃত্য প্রশিক্ষক এম. আর. ওয়াসেক, কবি আসিফ নুর, জেলা খেলাঘরের সভাপতি সুবিমল পাল পান্না, সৈকত বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষিকা গোপা সেন, সত্যেন সেন শিল্পীগোষ্ঠীর নৃত্য বিভাগের প্রশিক্ষক হারুনুর রশীদ লিটন, জেলা শিল্পকলা একাডেমির নৃত্য প্রশিক্ষক অদিতি বড়–য়া, ইন্সটিটিউট অব মিউজিক রামু’র নৃত্য পরিচালক জয়শ্রী বড়ুয়া, নৃত্য প্রশিক্ষক জয়ন্ত চৌধুরীসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের দপ্তর সম্পাদক সুব্রত মল্লিক, অর্থ সম্পাদক মো. আয়াত উল্লাহ এবং সদস্য জাওয়াদ বাশার অনন্ত, সুস্মিতা পাল তমা, ঋতু তালুকদার, উপমা দে, আয়ুশী দেব, জয়ন্তী দাশসহ অন্যান্যরা।

ক্যাটাগরি