শুক্রবার, ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

কক্সবাজার জেলা

কক্সবাজার সদর হাসপাতালে নিখোঁজ নারীর লাশ উদ্ধার, চাঞ্চল্য

কক্সবাজারের ২৫০ শয্যার জেলা সদর হাসপাতালে মেয়েকে ভর্তি করার পর চার দিন ধরে নিখোঁজ থাকা এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার (৭ মার্চ) দুপুর আড়াইটার দিকে হাসপাতালের লিফটের নিচ থেকে রক্তাক্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হলে পুরো হাসপাতালজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়।

নিহত কহিনুর আক্তার (৩২) উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের দক্ষিণ ডেইলপাড়া এলাকার বাসিন্দা। তিনি কাতার প্রবাসী নুরুল ইসলামের স্ত্রী।

স্বজনরা জানান, গত বুধবার (৩ মার্চ) সাত বছর বয়সী মেয়েকে চিকিৎসার জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে আসেন কহিনুর আক্তার। মেয়েকে হাসপাতালে ভর্তি করানোর পর সেদিন বিকাল থেকেই তিনি নিখোঁজ হয়ে যান। পরে অনেক খোঁজাখুঁজির পরও তার কোনো সন্ধান না পেয়ে পরিবার কক্সবাজার সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে।

কহিনুরের স্বামীর ভাইয়ের ছেলে আবদুল্লাহ আল মামুন জানান, চার দিন ধরে তারা সম্ভাব্য সব জায়গায় খোঁজ করেছেন। বিষয়টি র‍্যাব ও পুলিশকেও জানানো হয়েছিল। পরে হাসপাতালের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দেখা যায়, নিখোঁজ হওয়ার দিন কহিনুর হাসপাতালের চারতলার লিফটে প্রবেশ করেছিলেন। এরপর তাকে আর বের হতে দেখা যায়নি।

তিনি বলেন, “পরে হাসপাতাল কর্তৃপক্ষ খোঁজ নিয়ে লিফটের নিচে তার মরদেহ উদ্ধার করে। এটি লিফট দুর্ঘটনা নাকি অন্য কোনো কারণে মৃত্যু হয়েছে তা সঠিকভাবে তদন্ত করে বের করা প্রয়োজন।”

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছমি উদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ পাঠানোর প্রস্তুতি চলছে। তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে তিনি জানান।

ক্যাটাগরি