ইরানের বিদ্যুৎ কেন্দ্রে হামলা হলে পুরো অঞ্চল অন্ধকারে ডুবে যাবে: হুঁশিয়ারি লারিজানির
ইরানের বিদ্যুৎ নেটওয়ার্কে হামলা চালানো হলে পুরো অঞ্চল অল্প সময়ের মধ্যেই অন্ধকারে ডুবে যাবে বলে সতর্ক করেছেন দেশটির সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সেক্রেটারি আলি লারিজানি।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির জবাবে বলেন, ট্রাম্প বলেছেন—‘আমরা চাইলে এক ঘণ্টার মধ্যে ইরানের বিদ্যুৎ সক্ষমতা ধ্বংস করতে পারি, কিন্তু এখনো তা করিনি।’
এর জবাবে লারিজানি বলেন, যদি যুক্তরাষ্ট্র এমন পদক্ষেপ নেয়, তাহলে আধা ঘণ্টারও কম সময়ের মধ্যে পুরো অঞ্চল অন্ধকারে ডুবে যাবে। তার ভাষায়, অন্ধকার পরিস্থিতি সৃষ্টি হলে নিরাপত্তার জন্য পালিয়ে বেড়ানো মার্কিন সেনাদের লক্ষ্যবস্তু করা সহজ হয়ে যাবে।
এর আগে ট্রাম্প বলেছিলেন, ওয়াশিংটন এখন পর্যন্ত ইরানের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলোতে হামলা চালানো থেকে বিরত রয়েছে। তবে তেহরান যদি বৈশ্বিক তেল সরবরাহ বন্ধ করার চেষ্টা করে, তাহলে এসব স্থাপনায় হামলা চালানোর জন্য যুক্তরাষ্ট্র প্রস্তুত রয়েছে।
এদিকে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান অব্যাহত রয়েছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)-এর কমান্ডার অ্যাডমিরাল ব্র্যাড কুপার জানিয়েছেন, ইরানের ভেতরে এখন পর্যন্ত ৫ হাজার ৫০০টিরও বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি বলেন, চলমান অভিযানের অংশ হিসেবে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ড্রোন এবংনৌবাহিনীর স্থাপনাগুলোর ওপর ধারাবাহিক হামলা চালানো হচ্ছে।