ঈদগাঁওয়ে মাছের প্রজেক্ট থেকে অজ্ঞাত ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার
কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের গজালিয়া এলাকায় একটি মাছের প্রজেক্ট থেকে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে ঈদগাঁও থানা পুলিশ।
মঙ্গলবার (১৭ মার্চ) দুপুরে গজালিয়া রাজঘাট এলাকার একটি মাছের প্রজেক্টে প্রথমে মরদেহটি দেখতে পান স্থানীয়রা। খবর ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং উৎসুক জনতা ঘটনাস্থলের আশপাশে ভিড় জমায়।
স্থানীয় সূত্রে জানা যায়, গজালিয়া রাজঘাট এলাকায় মোস্তফা কামালের মালিকানাধীন একটি মাছের প্রজেক্টে পানিতে ভাসমান অবস্থায় মরদেহটি দেখা যায়। পরে বিষয়টি দ্রুত চারদিকে ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ও কৌতূহল দেখা দেয়।
স্থানীয় বাসিন্দা সোনা মিয়া জানান, মরদেহটি মূলত কামাল ও দিদারের মালিকানাধীন প্রজেক্ট এলাকায় পাওয়া গেছে এবং লাশ থেকে তীব্র দুর্গন্ধ ছড়াচ্ছিল। তিনি আরও বলেন, মৃত ব্যক্তির গলা ও চোখের কাছে আঘাতের চিহ্ন দেখা গেছে।
প্রজেক্টের মালিক মোস্তফা কামাল বলেন, স্থানীয়দের কাছ থেকেই তিনি বিষয়টি জানতে পেরেছেন। তবে মৃত ব্যক্তির পরিচয় বা কীভাবে লাশটি সেখানে এসেছে, সে বিষয়ে তিনি কিছুই জানেন না।
ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) এটিএম সিফাতুল মাজদার জানান, মরদেহটির পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধারের প্রস্তুতি নিচ্ছে। লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হবে এবং পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে, স্থানীয় বাসিন্দারা দ্রুত মরদেহের পরিচয় শনাক্ত ও ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে প্রশাসনের দ্রুত পদক্ষেপ কামনা করেছেন। ঘটনাটি ঘিরে এলাকায় নানা আলোচনা ও উদ্বেগ বিরাজ করছে।