জেলের জালে ধরা পড়ল ৪০ কোরাল
ইলিশ নয়, এবার জেলের জালে ধরা পড়েছে এক ঝাঁক কোরাল মাছ। কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে জেলের জালে অন্যান্য মাছের সাথে ৪০টি বড় সাইজের কোরাল উঠে আসে।
শুক্রবার সকালে মাছগুলো জেলেরা মৎস্য বন্দর মহিপুর আড়তে নিয়ে আসে। পরে তা নিলামের মাধ্যমে ৪৯ হাজার টাকা মণ দরে সাড়ে তিন মণ মাছ মোট ১ লাখ ৭১ হাজার টাকায় বিক্রি করেন।
এদিকে জেলের জালে একসঙ্গে এতগুলো কোরাল মাছ ধরা পড়ায় সকাল থেকেই বন্দরে উৎসুক জনতার ভিড় লক্ষ্য করা গেছে।
জেলে কাদের মাঝি বলেন, জালে দীর্ঘদিন পর এই কোরাল গুলো ধরা পড়েছে। ভাল দামে বিক্রি করে তারা খুশি।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, নিষেধাজ্ঞা সঠিকভাবে পালন করায় মাছের উৎপাদন ধীরে ধীরে বাড়ছে। জেলেদের ধৈর্য ধরে নিয়ম মেনে মাছ ধরতে হবে। তাহলে ভবিষ্যতে আরও ভালো ফল পাওয়া যাবে। তিনি আরও বলেন, কোরাল মাছ একটি মূল্যবান প্রজাতি। এ ধরনের মাছ বেশি ধরা পড়া সামুদ্রিক জীববৈচিত্র্যের জন্য ইতিবাচক ইঙ্গিত।