গত ২২ দিনে হাম সন্দেহে মৃত্যু ১১৩, আক্রান্ত ৭৬১০ জন: স্বাস্থ্য অধিদপ্তর
দেশে হামের (মিজেলস) প্রাদুর্ভাব নিয়ে উদ্বেগজনক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। গত ২২ দিনে সারাদেশে হাম সন্দেহে আক্রান্ত হয়েছে ৭ হাজার ৬১০ জন শিশু এবং মৃত্যু হয়েছে ১১৩ জনের।
রোববার স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম সন্দেহে আক্রান্ত হয়ে হাজার হাজার শিশুকে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে পরীক্ষায় ৯২৯ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। একই সময়ে ১১৩ জন শিশুর মৃত্যু হলেও নিশ্চিতভাবে হামে মৃত্যু হয়েছে ১৭ জনের।
আক্রান্তের দিক থেকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ঢাকা বিভাগ। এখানে ৩ হাজার ২৫৯ জন শিশু হাম সন্দেহে আক্রান্ত হয়েছে, যার মধ্যে ৪৬৮ জনের শরীরে রোগটি নিশ্চিতভাবে শনাক্ত হয়েছে।
সর্বশেষ ২৪ ঘণ্টার হিসাবেও পরিস্থিতি উদ্বেগজনক। এ সময়ে হাম সন্দেহে ৬৫৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে এবং ৪২ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এর মধ্যে ঢাকা বিভাগেই সর্বোচ্চ ৩৮ জন আক্রান্ত শনাক্ত হয়েছে।
মৃত্যুর দিক থেকেও বৈষম্য দেখা গেছে বিভাগভিত্তিক হিসাবে। গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে রাজশাহী বিভাগে (৫৫ জন), এরপর ঢাকা বিভাগে ১০ জনের মৃত্যু হয়েছে। তবে ময়মনসিংহ, রংপুর ও সিলেট বিভাগে এ সময় কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, হামের মতো সংক্রামক রোগ প্রতিরোধে টিকাদানই সবচেয়ে কার্যকর উপায়। তাই শিশুদের নির্ধারিত সময়ে টিকা নিশ্চিত করার পাশাপাশি উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসা নেওয়ার পরামর্শ দিয়েছেন তারা।