সংরক্ষিত নারী আসনের ভোট ১২ মে, তফসিল ঘোষণা ৮ এপ্রিল
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর সংরক্ষিত নারী আসনের নির্বাচনের তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ১২ মে এই আসনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এর আগে ৮ এপ্রিল নির্বাচনের পূর্ণাঙ্গ তফসিল ঘোষণা করা হবে।
সোমবার (৬ এপ্রিল) নির্বাচন কমিশনের ২০২৬ সালের ১১তম বৈঠক শেষে ইসির সিনিয়র সচিব সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি জানান, ১২ মে ভোটের তারিখ নির্ধারণ করা হলেও মনোনয়নপত্র দাখিলসহ অন্যান্য ধাপের বিস্তারিত সময়সূচি ৮ এপ্রিল তফসিল ঘোষণার দিন জানানো হবে।
নির্বাচনী মামলা ও ফলাফল স্থগিত
ইসি সচিব বলেন, গত ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনের পর এ পর্যন্ত ৫০টি নির্বাচনী মামলা দায়ের হয়েছে। এসব মামলার কারণে সংশ্লিষ্ট আসনগুলোর নির্বাচনী সামগ্রী মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সংরক্ষণ করার নির্দেশ দেওয়া হয়েছে।
এছাড়া আদালতের নির্দেশনার কারণে চট্টগ্রাম-২ ও চট্টগ্রাম-৪ আসনের ফলাফল এখনো স্থগিত রয়েছে। পরবর্তী আদালতের নির্দেশনা অনুযায়ী এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
উপ-নির্বাচন ৯ এপ্রিল
আগামী ৯ এপ্রিল শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনের উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। কমিশনের মতে, এ দুই আসনে নির্বাচনী পরিবেশ স্বাভাবিক রয়েছে এবং ভোটারদের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।
ইভিএম নিয়ে সিদ্ধান্ত হয়নি
স্থানীয় সরকার নির্বাচনে ইভিএম ব্যবহার করা হবে কি না—এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছে ইসি। ইভিএম কেনাকাটায় অনিয়মের অভিযোগ তদন্ত করছে দুর্নীতি দমন কমিশন, অডিট বিভাগ ও একটি তদন্ত কমিটি। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
অন্যান্য সিদ্ধান্ত
নির্বাচনে প্রার্থীদের ব্যয়ের হিসাব জমা দেওয়ার সময়সীমা এক মাস বাড়ানো হয়েছে। দায়িত্ব পালনকালে আহত বা নিহতদের ক্ষতিপূরণ নীতিমালা (২০২২) পর্যালোচনার জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। এছাড়া নির্বাচনে অংশ নেওয়া ৮০টি দেশীয় পর্যবেক্ষক সংস্থার প্রতিবেদন নিয়ে কর্মশালা আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।এবার জাতীয় ভোটার দিবস আরও অর্থবহভাবে উদযাপনের লক্ষ্যে অতিরিক্ত সচিবেনেতৃত্বএকটি কমিটি গঠন করা হয়েছে বলেও জানান ইসি সচিব
সূত্র: ঢাকা পোস্ট