সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম বিক্রি শুরু, দুই দিনে ব্যাপক সাড়া
রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ে সংরক্ষিত নারী আসনের মনোনয়ন ফরম বিতরণ ও জমা কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। ইতোমধ্যে বিপুলসংখ্যক আগ্রহী প্রার্থী ফরম সংগ্রহ করেছেন।
শনিবার (১১ এপ্রিল) বেলা ১১টায় সাংবাদিকদের ব্রিফিংয়ে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানান, শুক্রবার প্রথম দিনেই প্রায় পাঁচ শতাধিক মনোনয়ন ফরম বিক্রি হয়েছে। শনিবার সকাল ১০টা থেকে পুনরায় ফরম বিতরণ শুরু হয় এবং রোববার পর্যন্ত এই কার্যক্রম চলবে।
তিনি বলেন, আগ্রহীরা নির্ধারিত কাগজপত্রসহ ফরম পূরণ করে জমা দেবেন। পরে দলের সিনিয়র নেতাদের সমন্বয়ে গঠিত বোর্ড আবেদনগুলো যাচাই-বাছাই করবে এবং চূড়ান্ত প্রার্থী নির্বাচন করা হবে।
রিজভী আহমেদ আরও বলেন, “গণতান্ত্রিক প্রক্রিয়া অনুসরণ করেই প্রার্থী বাছাই করা হবে। দীর্ঘ ১৬-১৭ বছরের সংগ্রামের পর যে গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি হয়েছে, সেটির সর্বোচ্চ ব্যবহার করতে হবে।”
তিনি আশা প্রকাশ করেন, শুধু সংসদ সদস্য নয়, স্থানীয় সরকার পর্যায়ের সব প্রতিনিধি—জেলা পরিষদ চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, পৌর মেয়র ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান—জনগণের ভোটে নির্বাচিত হবেন।
এদিকে, সংরক্ষিত নারী আসনের মনোনয়ন ঘিরে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। দুই দিন ধরেই নেতাকর্মীদের ভিড়ে সরগরম হয়ে উঠেছে এলাকা। সম্ভাব্য প্রার্থীরা দলীয় নেতাদের সঙ্গে যোগাযোগের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও নিজেদের রাজনৈতিক ভূমিকা তুলে ধরছেন।