মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কক্সবাজার জেলা

রোগীর সেবায় ২৪ ঘন্টা জরুরি বিভাগ সচল রাখতে হবে: এমপি লুৎফুর রহমান কাজল

কক্সবাজারের ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালকে একটি পূর্ণাঙ্গ ও স্বয়ংসম্পূর্ণ হাসপাতালে রূপান্তরের ঘোষণা দিয়েছেন কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল

রোববার (১২ এপ্রিল) হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভায় সভাপতির বক্তব্যে তিনি বলেন, এমন ব্যবস্থা নেওয়া হবে যাতে কোনো রোগীকে অন্য হাসপাতালে রেফার করতে না হয়। এজন্য হাসপাতালে সব ধরনের চিকিৎসা সুবিধা নিশ্চিত করা হবে।

সভায় তিনি চিকিৎসকদের নিয়মিত উপস্থিতি, রোগীদের মানসম্মত সেবা, পর্যাপ্ত ওষুধ সরবরাহ, হাসপাতালের পরিচ্ছন্নতা এবং জরুরি বিভাগ ২৪ ঘণ্টা সচল রাখার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি স্বাস্থ্যসেবা ব্যবস্থার উন্নয়ন ও নিয়মিত মনিটরিং জোরদারের নির্দেশনা দেন।

এমপি কাজল বলেন, বর্তমানে প্রায় ৪৫ লাখ স্থানীয় বাসিন্দা, রোহিঙ্গা শরণার্থী এবং পর্যটকদের চিকিৎসা সেবার প্রধান ভরসাস্থল এই সদর হাসপাতাল। প্রতিনিয়ত রোগীর চাপ বাড়ছে, তাই হাসপাতালের সার্বিক উন্নয়নে একটি মাস্টারপ্ল্যান প্রণয়ন করা হবে।

তিনি আরও জানান, হাসপাতালের অবকাঠামোর যথাযথ ব্যবহার নিশ্চিত করা হবে এবং প্রয়োজন অনুযায়ী চিকিৎসক ও জনবল নিয়োগ দেওয়া হবে। ভবিষ্যতে হাসপাতালের শয্যা সংখ্যা বাড়ানোরও পরিকল্পনা রয়েছে। এ বিষয়ে এক মাসের মধ্যে সংশ্লিষ্টদের কাছ থেকে প্রস্তাব জমা দেওয়ার আহ্বান জানান তিনি।

এছাড়া সভায় সমাজসেবা কার্যক্রম আরও গতিশীল করতে সংশ্লিষ্ট দপ্তরের সেবাগুলো ব্যাপকভাবে প্রচারের নির্দেশনা দেওয়া হয়।

সভায় হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মং টিং ঞো এবং সিভিল সার্জন ডা. মহিউদ্দিন আলমগীরসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ক্যাটাগরি