রবিবার, ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

কক্সবাজার জেলা

কক্সবাজারকে সিটি কর্পোরেশনে উন্নীত করা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী

কক্সবাজারকে সিটি কর্পোরেশনে উন্নীত করার পরিকল্পনা নেওয়া হতে পারে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, ব্লু ইকোনমি ও সামুদ্রিক সম্পদ অনুসন্ধানকে কেন্দ্র করে প্রয়োজনীয় শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান, এমনকি বিশ্ববিদ্যালয় স্থাপনের বিষয়ও সরকারের পরিকল্পনায় রয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) সচিবালয়ে কক্সবাজারের সমন্বিত উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নসংক্রান্ত সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ডিপ সি পোর্ট এবং আন্তর্জাতিক বিমানবন্দর পুরোপুরি চালু হলে কক্সবাজারে দেশি-বিদেশি বিনিয়োগ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। সেই সম্ভাবনাকে কাজে লাগিয়ে কক্সবাজারকে আন্তর্জাতিক ও আঞ্চলিক পর্যটন কেন্দ্র, বাণিজ্যিক হাব এবং বৈদেশিক আয় বৃদ্ধির অন্যতম কেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, কক্সবাজারের সমন্বিত উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে সরকারের পক্ষ থেকে অর্থমন্ত্রীকে দায়িত্ব দেওয়া হয়েছে। তার নেতৃত্বে গঠিত কমিটিতে কক্সবাজারের সংসদ সদস্যদের পাশাপাশি পর্যটন, পরিবেশ, গণপূর্ত, ভূমি ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রীরা অংশ নিয়েছেন।

সভায় ২০২৬ সালের মধ্যে কক্সবাজারের জন্য একটি সমন্বিত মাস্টার প্ল্যান চূড়ান্ত করার সিদ্ধান্ত হয়েছে। এই পরিকল্পনার মূল লক্ষ্য হবে কক্সবাজারকে পরিবেশবান্ধব ইকো-ট্যুরিজমভিত্তিক আন্তর্জাতিক ও আঞ্চলিক পর্যটন কেন্দ্র এবং সম্ভাবনাময় বাণিজ্যিক হাব হিসেবে গড়ে তোলা।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মেরিন ড্রাইভ সড়কসংলগ্ন বিভিন্ন এলাকায় ঘোষিত ইকোলজিক্যালি ক্রিটিক্যাল এরিয়া (ইসিএ) পুনর্বিবেচনা করা হবে। তার ভাষ্য, এসব এলাকা কোন ভিত্তিতে নির্ধারণ করা হয়েছে তা পর্যালোচনা প্রয়োজন। কারণ, এর ফলে পর্যটন শিল্পের বিকাশ ব্যাহত হচ্ছে এবং বিনিয়োগও প্রত্যাশিত হারে আসছে না।

তিনি বলেন, প্রায় ১০০ কিলোমিটার দীর্ঘ সমুদ্রসৈকতকে জাতীয় অর্থনীতি, রাজস্ব আয় এবং আন্তর্জাতিক পর্যটনের জন্য সর্বোচ্চভাবে কাজে লাগানোর লক্ষ্যে একটি দীর্ঘমেয়াদি সমন্বিত পরিকল্পনা নেওয়া হচ্ছে।

এদিকে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার যে লক্ষ্য নির্ধারণ করা হয়েছে, সেখানে কক্সবাজার অন্যতম প্রবৃদ্ধির কেন্দ্র হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তার মতে, কক্সবাজারের অর্থনৈতিক ও অবকাঠামোগত উন্নয়ন দেশের সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধিতে বড় অবদান রাখবে।

ক্যাটাগরি