বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জাতীয়

রোহিঙ্গা প্রত্যাবাসনে আসিয়ানভুক্ত দেশগুলোর সহযোগিতা চাইল বাংলাদেশ

 

মিয়ানমারে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছায় এবং মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে আসিয়ানের সদস্য দেশগুলোর সহযোগিতা চেয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।

বৃহস্পতিবার ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় অনুষ্ঠিত ৩৩তম আসিয়ান রিজিওনাল ফোরাম (এআরএফ) মন্ত্রী পর্যায়ের বৈঠকে দেওয়া বক্তব্যে তিনি রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর ভূমিকার আহ্বান জানান।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, আঞ্চলিক ও বৈশ্বিক বিভিন্ন গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ মোকাবিলায় এআরএফভুক্ত সদস্য দেশগুলোর মধ্যে সহযোগিতা আরও জোরদার করা প্রয়োজন।

বক্তব্যে তিনি দুর্যোগ ব্যবস্থাপনা, সন্ত্রাসবাদ দমন এবং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় বাংলাদেশের সক্রিয় ভূমিকার কথাও তুলে ধরেন। পাশাপাশি এআরএফের বিভিন্ন অগ্রাধিকারমূলক ক্ষেত্রে বাংলাদেশের নেতৃত্বের বিষয়গুলোও উল্লেখ করেন।

ড. খলিলুর রহমান কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও অন্যান্য উদীয়মান প্রযুক্তির মানবকেন্দ্রিক, দায়িত্বশীল এবং নৈতিক ব্যবহারের লক্ষ্যে এআরএফের আওতায় একটি কার্যকর প্রযুক্তি শাসন (টেকনোলজি গভর্ন্যান্স) কাঠামো গড়ে তোলার আহ্বান জানান।

এ ছাড়া আন্তর্জাতিক আইন মেনে শান্তিপূর্ণ উপায়ে সামুদ্রিক বিরোধ নিষ্পত্তির ওপর গুরুত্বারোপ করেন তিনি।

৩৩তম আসিয়ান রিজিওনাল ফোরামের বৈঠকে আঞ্চলিক নিরাপত্তা, শান্তি, প্রযুক্তি ব্যবস্থাপনা, সন্ত্রাসবাদ দমন, জলবায়ু পরিবর্তনসহ বিভিন্ন বৈশ্বিক ও আঞ্চলিক ইস্যুতে সদস্য দেশগুলোর মধ্যে মতবিনিময় অনুষ্ঠিত হয়।

ক্যাটাগরি