বঙ্গভবনে বিদায়ের আবহ প্রস্তুতি শেষ, পদত্যাগ করছেন রাষ্ট্রপতি
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগকে ঘিরে বঙ্গভবনে তৈরি হয়েছে বিদায়ের আবহ। অসুস্থতার কারণ দেখিয়ে তিনি রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়াতে যাচ্ছেন বলে একাধিক সূত্রে জানা গেছে। পদত্যাগপত্র জাতীয় সংসদের স্পিকারের কাছে পাঠানোর প্রস্তুতিও শেষ হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রের দাবি।
জানা গেছে, চলতি মাসের শুরুতে সরকারের পক্ষ থেকে রাষ্ট্রপতিকে মৌখিকভাবে পদত্যাগের অনুরোধ জানানো হয়। সে সময় তিনি কিছুটা সময় চেয়েছিলেন। পরে শারীরিক অবস্থার অবনতির কথা উল্লেখ করে দায়িত্ব ছাড়ার সিদ্ধান্ত নেন বলে জানা যায়।
পারিবারিক সূত্রের দাবি, সম্প্রতি সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) করা সিটি স্ক্যান ও এমআরআই পরীক্ষায় রাষ্ট্রপতির স্নায়ুবিষয়ক জটিলতা ধরা পড়েছে। পদত্যাগের পর স্ত্রীকে সঙ্গে নিয়ে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যাওয়ার পরিকল্পনা রয়েছে তার।
এদিকে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয়েছে, চলতি বছরের মে মাসে লন্ডন সফরের সময় রাষ্ট্রপতি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে টেলিফোনে কথা বলেন। পরে বিষয়টি গোয়েন্দা সংস্থার নজরে এলে তাকে পদত্যাগের বার্তা দেওয়া হয় বলেও বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে এসব দাবির বিষয়ে রাষ্ট্রপতির কার্যালয় বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য দেয়নি।
সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতি দায়িত্ব পালনে অপারগ হলে বা পদত্যাগ করতে চাইলে জাতীয় সংসদের স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেন। রাষ্ট্রপতির পদ শূন্য হলে স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন এবং ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের সাংবিধানিক বিধান রয়েছে।