পর্যটকের বেশে কক্সবাজার থেকে ইয়াবা পাচারে ‘বাইকার গ্যাং’, গ্রেপ্তার ৬
বাইকার গ্যাংয়ের আড়ালে কক্সবাজার থেকে চট্টগ্রামে ইয়াবার বড় চালান পরিবহনের সময় ছয় মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৭)। এ সময় তাদের কাছ থেকে প্রায় ৩ কোটি টাকা মূল্যের ১ লাখ পিস ইয়াবা এবং মাদক পরিবহনে ব্যবহৃত পাঁচটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে চট্টগ্রামের পটিয়া সরকারি কলেজ জামে মসজিদের বিপরীতে সুলতান হোটেলের সামনে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তাররা হলেন—কক্সবাজারের রামু উপজেলার ঘোনারপাড়া এলাকার মো. বশির (৩৮), বেলাল উদ্দিন (৩২), রামু উপজেলার মো. সাইফুল (২৪), মো. হাসান (৩৯), মো. হোসেন (৩৭) এবং ঈদগাঁও উপজেলার নুরুল মোস্তফা (২৭)।
র্যাব-৭-এর সিপিসি-৩-এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মো. তাওহিদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব জানতে পারে, একটি সংঘবদ্ধ চক্র বাইকার গ্যাংয়ের ছদ্মবেশে কক্সবাজার থেকে মোটরসাইকেলে ইয়াবার চালান নিয়ে চট্টগ্রাম নগরের দিকে আসছে। এ তথ্যের ভিত্তিতে পটিয়া এলাকায় অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে পাঁচটি মোটরসাইকেলের গতিরোধ করা হয়।
তিনি বলেন, তল্লাশির সময় একটি মোটরসাইকেলের সিট বক্সের ভেতরে বিশেষ কৌশলে স্কচটেপে মোড়ানো অবস্থায় ১ লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ কোটি টাকা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা কক্সবাজার থেকে মোটরসাইকেলে করে ইয়াবা এনে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তারা দীর্ঘদিন ধরে বাইকার গ্যাংয়ের আড়ালে মাদক পরিবহন করে আসছিল বলেও প্রাথমিকভাবে জানা গেছে।
র্যাব জানায়, গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে পটিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পাশাপাশি এ চক্রের সঙ্গে জড়িত অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত অব্যাহত রয়েছে।