বাঁশখালীতে ঘর থেকে যমজ দুই শিশুসহ বাবার মরদেহ উদ্ধার
চট্টগ্রামের বাঁশখালীতে ঘরের দরজা ভেঙে পাঁচ মাস বয়সী যমজ দুই শিশু ও তাদের বাবার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার পুঁইছড়ি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মওলার পাড়া এলাকা থেকে মরদেহ তিনটি উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল হক।
নিহত ব্যক্তির নাম মো. জাহেদ হোসেন (৫০)। তিনি চাম্বল ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের পূর্ব চাম্বল আজানী পাড়ার বদিউল আলমের ছেলে। তাঁর দুই মেয়ের নাম জারিন জান্নাত ও জাসিয়া জান্নাত। জাহেদ দীর্ঘদিন প্রবাসে ছিলেন। প্রায় দেড় বছর আগে তিনি বিয়ে করেন বলে জানা গেছে।
পুলিশের প্রাথমিক ধারণা, দুই শিশুকে শ্বাসরোধে হত্যার পর জাহেদ আত্মহত্যা করেছেন। তিনি শ্বশুরবাড়িতে ঘরজামাই হিসেবে থাকতেন। সেখানকার একটি কক্ষের দরজা ভেঙে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়।
ওসি রবিউল হক জানান, শুক্রবার দুপুরে জাহেদের স্ত্রী, শাশুড়ি ও পরিবারের অন্য সদস্যরা বাড়ির বাইরে যান। তখন জাহেদ দুই যমজ সন্তানকে নিয়ে বাড়িতে ছিলেন। পরে স্ত্রী ও শাশুড়ি ফিরে এসে ঘরের দরজা ভেতর থেকে আটকানো দেখতে পান। ডাকাডাকি করেও সাড়া না পেয়ে তাঁরা পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা দরজা ভেঙে ঘরের ভেতরে তিনজনের মরদেহ দেখতে পান।
ওসি আরও জানান, জাহেদের শাশুড়ির কাছে তাঁর কিছু টাকা পাওনা ছিল। ওই টাকা না দেওয়াকে কেন্দ্র করে পারিবারিক কলহ চলছিল বলে জানা গেছে। এ বিষয়ে লেখা একটি চিরকুটও পাওয়া গেছে। ঘরের খাটে দুই শিশুর মরদেহ ছিল। আর জাহেদের মরদেহ ঘরের চালের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।
পুলিশের ধারণা, দুই শিশুকে হত্যার পর জাহেদ আত্মহত্যা করেছেন। তবে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে তদন্ত ও প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলছে।