চট্টগ্রাম

ঘুষের দুই লাখ টাকাসহ হাতেনাতে আটক সাবরেজিস্ট্রার ও দুই সহযোগী

চট্টগ্রামে ঘুষের দুই লাখ টাকাসহ সাবরেজিস্ট্রার ও তাঁর দুই সহযোগীকে হাতেনাতে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার বিকেলে দুদক চট্টগ্রাম জেলা কার্যালয়ের একটি দল পাহাড়তলী সাবরেজিস্ট্রি কার্যালয়ে অভিযান চালিয়ে তাদের আটক করে।

আটক ব্যক্তিরা হলেন পাহাড়তলী সাবরেজিস্ট্রি কার্যালয়ের সাবরেজিস্ট্রার আবদুস সোবহান, হেড ক্লার্ক ফারুক ইসলাম ও উমেদার রূপন দাশ।

দুদক জানায়, এক আইনজীবী তাঁর মক্কেলের দুটি অংশীদারি চুক্তিপত্র নিবন্ধনের জন্য নগরের আদালত ভবনে অবস্থিত পাহাড়তলী সাবরেজিস্ট্রি কার্যালয়ে যান। দলিল দুটিতে কোনো ত্রুটি না থাকলেও নিবন্ধন প্রক্রিয়া আটকে রাখা হয়। পরে নিবন্ধনের বিনিময়ে সাবরেজিস্ট্রার আবদুস সোবহান ও হেড ক্লার্ক ফারুক ইসলাম ওই আইনজীবীর কাছে দুই লাখ টাকা ঘুষ দাবি করেন বলে অভিযোগ পাওয়া যায়।

এরপর ওই আইনজীবী দুদকের হটলাইন ১০৬ নম্বরে অভিযোগ করেন। পরে দুদক চট্টগ্রাম জেলা কার্যালয়-১-এ লিখিত অভিযোগও দেন তিনি। অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার বিকেলে ঘুষের টাকা দেওয়ার সময় দুদকের কর্মকর্তারা অভিযান চালান।

অভিযানে ঘুষের দুই লাখ টাকাসহ সাবরেজিস্ট্রার আবদুস সোবহান, হেড ক্লার্ক ফারুক ইসলাম ও উমেদার রূপন দাশকে আটক করা হয়।

দুদক চট্টগ্রামের উপপরিচালক রিয়াজ উদ্দিন তিনজনকে ঘুষের টাকাসহ আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় মামলা করার প্রস্তুতি চলছে।

ক্যাটাগরি