চট্টগ্রামে তৃতীয় লিঙ্গের গুরুমা মৌসুমীর মরদেহ উদ্ধার
চট্টগ্রামের খুলশী থানা এলাকায় তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর নেত্রী মৌসুমীর (৫২) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার খুলশীর আমবাগান এলাকার মাসুদ কলোনিতে তার নিজ বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
মরদেহে আঘাতের চিহ্ন থাকায় এটিকে হত্যাকাণ্ড বলে ধারণা করছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মৌসুমী দীর্ঘদিন ধরে মাসুদ কলোনিতে বসবাস করছিলেন। তৃতীয় লিঙ্গের একটি দলের প্রধান বা ‘গুরুমা’ হিসেবে তিনি স্বগোষ্ঠীর সদস্যদের বিভিন্ন বিষয় দেখভাল করতেন। গতকাল শুক্রবার রাতে প্রতিবেশীদের সঙ্গে কথা বলে নিজের ঘরে ঘুমাতে যান তিনি। শনিবার সকালে কোনো সাড়াশব্দ না পেয়ে স্থানীয়রা ঘরে ঢুকে তাকে উপুড় হয়ে বিছানায় পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।
খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রহিম জানান, পুলিশ ঘটনাটি গুরত্বের সঙ্গে তদন্ত করছে। মৌসুমির গলা ও শরীর অন্য অংশে আঘাতের চিহ্ন দেখা গেছে। মরদেহের সুরতহাল করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
এদিকে মৌসুমীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে নগরের বিভিন্ন এলাকা থেকে তার সম্প্রদায়ের সদস্যরা ঘটনাস্থলে জড়ো হন। এটিকে পরিকল্পিত হত্যাকাণ্ড দাবি করে জড়িতদের দ্রুত শনাক্ত ও বিচারের আওতায় আনার দাবিতে বিক্ষোভ করেন তারা।