সোমবার, ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ৩০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রাম

ডেভিড ইমনের সহযোগী ‘টেস্টার মোবারক’ অস্ত্রসহ গ্রেফতার

চট্টগ্রামের ফটিকছড়িতে ডাকাতির প্রস্তুতিকালে ১০টি দেশীয় অস্ত্রসহ মো. মোবারক হোসেন ওরফে ‘টেস্টার মোবারক’ (৩২) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের মানিকপুর এলাকার শফির টিলা থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, মোবারক হোসেন চট্টগ্রাম জেলার অন্যতম শীর্ষসন্ত্রাসী মোবারক হোসেন ওরফে ডেভিড ইমনের সহযোগী। তিনি ওই এলাকায় সংঘবদ্ধ সন্ত্রাসী ও ডাকাত চক্রের সক্রিয় সদস্য হিসেবে পরিচিত।

ফটিকছড়ি থানার পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই শেখ মো. ইয়াছিনের নেতৃত্বে পুলিশের একটি দল ওই স্থানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতির প্রস্তুতিতে থাকা অন্যরা গহিন জঙ্গলে পালিয়ে যায়। তবে মোবারক হোসেনকে আটক করা সম্ভব হয়।

অভিযানে তার কাছ থেকে দুটি কাঠের বাটযুক্ত ধারালো ছোরা বা তরবারি, একটি স্টিলের হাতলযুক্ত রামদা, একটি কাঠের বাটযুক্ত রামদা, একটি লোহার শাবল, একটি ধারালো ছুরি, একটি ধামা, একটি দা, একটি এসএস পাইপ ও একটি লোহার রড উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, সব মিলিয়ে ১০টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

পুলিশের তথ্যমতে, গ্রেফতার মোবারক হোসেন ওরফে ‘টেস্টার মোবারক’ চট্টগ্রাম জেলার অন্যতম শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ওরফে ইমন ওরফে ডেভিড ইমনের অন্যতম সহযোগী হিসেবে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত।

এ ঘটনায় গ্রেফতার মোবারকসহ পলাতক আসামিদের বিরুদ্ধে ফটিকছড়ি থানায় মামলা হয়েছে। পলাতক আসামিদের গ্রেফতার এবং সংঘবদ্ধ ডাকাত চক্রের অন্য সদস্যদের আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ক্যাটাগরি