কক্সবাজারের চাঞ্চল্যকর জাহাঙ্গীর হত্যা মামলার প্রধান আসামি আরিফ চট্টগ্রামে গ্রেপ্তার
চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ বোস্তামী এলাকা থেকে কক্সবাজারের চাঞ্চল্যকর জাহাঙ্গীর হত্যা মামলার প্রধান আসামি মো. আরিফকে (২৪) গ্রেপ্তার করেছে র্যাব।
শনিবার (৩০ আগস্ট) রাত আনুমানিক ৭টা ৫০ মিনিটে বায়েজিদ বোস্তামী থানার পাবলিক মোড় এলাকার একটি কারখানার ভেতর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-১৫ ও র্যাব-৭-এর একটি যৌথ দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আরিফকে গ্রেপ্তার করে। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় তার অবস্থান নিশ্চিত করা হয় বলে জানিয়েছে র্যাব।
গ্রেপ্তার মো. আরিফ কক্সবাজার সদর উপজেলার খুরুশকুল ইউনিয়নের তেতৈয়া গুইল্যা বাপের পাড়ার মোহাম্মদ হোসেনের ছেলে।
র্যাব জানায়, গত ২১ মে কক্সবাজার সদর থানায় দায়ের করা জাহাঙ্গীর হত্যা মামলার প্রধান আসামি আরিফ। মামলার পর থেকেই আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন তিনি।
দীর্ঘদিন অবস্থান পরিবর্তন করে আত্মগোপনে থাকার পর শেষ পর্যন্ত চট্টগ্রামের বায়েজিদ এলাকায় তার অবস্থান শনাক্ত করে র্যাব। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি কারখানার ভেতর থেকে তাকে আটক করা হয়।
গ্রেপ্তার আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
এদিকে, মামলার অন্য পলাতক আসামিদের গ্রেপ্তারে র্যাবের অভিযান ও গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।