স্বরাষ্ট্রমন্ত্রীর জুতা বহনের খবরটি সম্পূর্ণ গুজব ও ভিত্তিহীন: বাংলাদেশ পুলিশ
সামাজিক যোগাযোগমাধ্যমে ‘মন্ত্রীর জুতা টানছে পুলিশ’ শিরোনামে ছড়িয়ে পড়া তথ্যকে সম্পূর্ণ অসত্য, বিভ্রান্তিকর ও কল্পনাপ্রসূত বলে জানিয়েছে বাংলাদেশ পুলিশ।
বৃহস্পতিবার বাংলাদেশ পুলিশের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৭ আগস্ট শুক্রবার স্বরাষ্ট্রমন্ত্রী কক্সবাজার সদর থানাধীন বাহারছড়া জামে মসজিদে জুমার নামাজ আদায় করেন। একই মসজিদে কক্সবাজার সদর থানার অফিসার ইনচার্জও (ওসি) নামাজ আদায় করতে যান।
পুলিশের ভাষ্য, মসজিদে প্রবেশের সময় ওসি তাঁর নিজের জুতা খুলে ভেতরে প্রবেশ করেন। নামাজ শেষে বের হওয়ার সময় তিনি নিজের জুতাই হাতে করে নিয়ে আসেন। মসজিদের প্রবেশপথে স্বরাষ্ট্রমন্ত্রীর জুতাও রাখা ছিল।
তবে ওসি মন্ত্রীর জুতা বা স্যান্ডেল বহন করেছেন—সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন দাবি সম্পূর্ণ বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত বলে জানিয়েছে পুলিশ।
বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে আরও বলা হয়, শৃঙ্খলা বাহিনীকে হেয়প্রতিপন্ন করার উদ্দেশ্যে একটি মহল এ ধরনের অপপ্রচার চালাচ্ছে। বানোয়াট ও ভিত্তিহীন তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানিয়েছে সংস্থাটি।