শুক্রবার, ১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ৩০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জাতীয়

রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুলই, পদত্যাগ করেছেন বিএনপির মহাসচিব থেকে

রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেয়েছেন দলটির মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) দলের শীর্ষ নেতাদের জরুরি বৈঠকে রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের নাম চূড়ান্ত করা হয়। পরে তাঁর মনোনয়নপত্র নির্বাচন কমিশনে জমা দেওয়া হয়েছে।

জানা গেছে, প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে বৃহস্পতিবার সকাল ৯টার দিকে সচিবালয়ে দলের শীর্ষ নেতাদের বৈঠক শুরু হয়। বৈঠকেই রাষ্ট্রপতি পদে দলীয় প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে মনোনয়নের সিদ্ধান্ত নেওয়া হয়। এ সিদ্ধান্তের অংশ হিসেবে তিনি এরই মধ্যে দল ও সরকার থেকে পদত্যাগ করেছেন।

নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত রাষ্ট্রপতি পদে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় নির্ধারিত ছিল। আগামী ১৬ আগস্ট সকাল ১০টা থেকে নির্বাচন কমিশন ভবনে মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৮ আগস্ট বিকেল ৪টা।

আগামী ২০ আগস্ট জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। একাধিক প্রার্থী থাকলে সংসদ সদস্যরা ভোটের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচন করবেন।

ক্যাটাগরি