ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘র’ প্রধান এখন ঢাকায়
বাংলাদেশ ও ভারতের মধ্যকার সম্পর্ক স্বাভাবিক করার চলমান প্রচেষ্টার মধ্যে সরকারি সফরে ঢাকায় এসেছেন ভারতের বহিঃগোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং (র)-এর প্রধান পরাগ জৈন।
সরকারের একটি সূত্রের বরাত দিয়ে একটি গণমাধ্যম জানিয়েছে, বাংলাদেশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আমন্ত্রণে পরাগ জৈন চার সদস্যের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের নেতৃত্ব দিয়ে বাংলাদেশ সফরে এসেছেন। তবে ভারতীয় প্রতিনিধি দলের এই সফরের বিষয়ে এখন পর্যন্ত বাংলাদেশ কিংবা ভারত—কোনো পক্ষই আনুষ্ঠানিকভাবে বিস্তারিত তথ্য প্রকাশ করেনি।
প্রতিনিধি দলে পরাগ জৈনের সঙ্গে রয়েছেন অশ্বীন মুকুন্দ কোটনিস, রাহুল নেগি ও শৈবাল রায় চৌধুরী। রোববার দুপুরে এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে তারা ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। সফরকালে প্রতিনিধি দলটি ঢাকার একটি হোটেলে অবস্থান করবেন বলে সরকারি ওই সূত্র জানিয়েছে।
পরাগ জৈন ভারতের বহিঃগোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং—আরএডব্লিউ বা ‘র’-এর সেক্রেটারির দায়িত্ব পালনের পাশাপাশি স্পেশাল প্রোটেকশন গ্রুপ (এসপিজি)-এর স্পেশাল সেক্রেটারি হিসেবেও দায়িত্ব পালন করছেন।
ঢাকা সফরের আগে ‘র’ প্রধান পরাগ জৈন চীন সফর করেছেন বলেও জানা গেছে। তার পরপরই বাংলাদেশ সফরকে আঞ্চলিক কূটনৈতিক ও নিরাপত্তা পরিস্থিতির প্রেক্ষাপটে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।
বাংলাদেশ ও ভারতের মধ্যে সাম্প্রতিক সময়ে বিভিন্ন বিষয়ে টানাপোড়েন থাকলেও দুই দেশের সম্পর্ক স্বাভাবিক করার বিষয়ে আলোচনা ও যোগাযোগ অব্যাহত রয়েছে। এমন পরিস্থিতিতে ভারতের গোয়েন্দাপ্রধানের নেতৃত্বে উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের ঢাকায় সফর দুই দেশের সংশ্লিষ্ট মহলে বিশেষ গুরুত্ব পাচ্ছে।