শনিবার, ১৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ৩১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আর্ন্তজাতিক

কারাগারে ইমরান খানের মৃত্যুর গুঞ্জন

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খান কারাগারে মারা গেছেন—এমন গুঞ্জনকে কেন্দ্র করে দেশটির রাজনীতিতে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। তবে এখন পর্যন্ত তার মৃত্যুর দাবির পক্ষে নির্ভরযোগ্য কোনো প্রমাণ পাওয়া যায়নি। পাকিস্তানের সেনাবাহিনীও ইমরান খানের মৃত্যুর খবরকে ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে।

রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দি ইমরান খানের শারীরিক অবস্থা নিয়ে বেশ কিছুদিন ধরেই উদ্বেগ রয়েছে। পরিবারের সদস্য, আইনজীবী ও চিকিৎসকদের সঙ্গে তার সাক্ষাতের সুযোগ সীমিত থাকায় সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের গুঞ্জন ছড়িয়ে পড়ে।

এর মধ্যেই পাকিস্তানি সাংবাদিক ওয়াজাহাত সাঈদ খান দাবি করেন, সামরিক বাহিনীর কয়েকটি সূত্রের কাছ থেকে তিনি ইমরান খানের মৃত্যুর বিষয়ে তথ্য পেয়েছেন। তার এই বক্তব্য ছড়িয়ে পড়ার পর পাকিস্তানের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। তবে তার দাবিটি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

পরবর্তীতে পাকিস্তান সেনাবাহিনীর আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) ইমরান খানের মৃত্যুর খবর সরাসরি নাকচ করে দেয়।

অন্যদিকে ইমরান খানের দল পিটিআই সরকারের কাছে বিষয়টি নিয়ে স্বচ্ছতা দাবি করেছে। দলটির অভিযোগ, দীর্ঘদিন ধরে ইমরানের বোন, আইনজীবী ও ব্যক্তিগত চিকিৎসকদের তার সঙ্গে দেখা করার সুযোগ দেওয়া হচ্ছে না। তাই ইমরান খান জীবিত ও সুস্থ আছেন—এমন দাবির দৃশ্যমান প্রমাণ প্রকাশের আহ্বান জানিয়েছে দলটি।

পিটিআই নেতারা সতর্ক করে বলেছেন, ইমরান খানের শারীরিক অবস্থা স্বচক্ষে যাচাইয়ের সুযোগ দেওয়া না হলে তারা বড় ধরনের আন্দোলনে যেতে পারেন। ইসলামাবাদ অভিমুখে লংমার্চ ও ব্যাপক বিক্ষোভের কথাও জানিয়েছেন দলের নেতারা।

এদিকে সম্ভাব্য রাজনৈতিক উত্তেজনা বিবেচনায় ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডির গুরুত্বপূর্ণ প্রবেশপথগুলোতে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ইমরান খান ২০২৩ সালের আগস্ট থেকে কারাগারে রয়েছেন এবং বর্তমানে আদিয়ালা কারাগারেই বন্দি। তার বন্দিজীবন, শারীরিক অবস্থা এবং কারাগারে সাক্ষাতের সুযোগ নিয়ে এর আগেও একাধিকবার বিতর্ক ও গুঞ্জন তৈরি হয়েছে।

এর আগে ২০২৫ সালেও ইমরান খানের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়েছিল। সে সময় তার বোন উজমা খানমের সঙ্গে সাক্ষাতের পর তার শারীরিক অবস্থা নিয়ে কিছুটা স্বস্তি তৈরি হয়েছিল। কারা কর্তৃপক্ষও তখন ইমরান খান সুস্থ আছেন বলে জানিয়েছিল।

তবে এবার একজন সাংবাদিকের নতুন দাবিকে কেন্দ্র করে গুঞ্জনটি নতুন মাত্রা পেয়েছে। যদিও পাকিস্তান সেনাবাহিনী মৃত্যুর খবর অস্বীকার করেছে, ইমরান খানের সঙ্গে সাম্প্রতিক সময়ে পরিবারের সদস্য বা চিকিৎসকদের সরাসরি সাক্ষাতের বিষয়ে অনিশ্চয়তা থাকায় পিটিআই ও তার সমর্থকদের উদ্বেগ অব্যাহত রয়েছে।

ক্যাটাগরি