শিশু ধর্ষণের অভিযোগে যুক্তরাজ্যে গ্রেপ্তার হয়েছিলেন পাকিস্তানের সাবেক মন্ত্রী
১৯৯০-এর দশকে ইংল্যান্ডের ম্যানচেস্টারে একাধিক কিশোরীকে ধর্ষণ ও যৌন নিপীড়নের অভিযোগে পাকিস্তানের সাবেক প্রতিমন্ত্রী রুখসার আহমেদের বিরুদ্ধে তদন্ত চলছে।
২০২৪ সালে গ্রেপ্তার হলেও বর্তমানে তিনি যুক্তরাজ্যে জামিনে রয়েছেন। এর মধ্যেই গত সপ্তাহে পাকিস্তান-নিয়ন্ত্রিত আজাদ জম্মু ও কাশ্মীর আইনসভার সদস্য (এমপি) নির্বাচিত হন তিনি। ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ান এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, ৬২ বছর বয়সী রুখসার আহমেদ পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের দল পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন)-এর প্রার্থী হিসেবে নির্বাচিত হন।
গত মাসে জামিনের শর্ত অনুযায়ী ম্যানচেস্টারে পুলিশের কাছে হাজির হওয়ার কথা থাকলেও অসুস্থতার কারণ দেখিয়ে তিনি যুক্তরাজ্যে যাননি। তবে একই সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে পাকিস্তানের মিরপুরে নির্বাচনী প্রচারণায় অংশ নিতে দেখা যায়।
গ্রেটার ম্যানচেস্টার পুলিশ জানায়, ২০২৪ সালের ১৮ জুলাই ম্যানচেস্টার বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। অভিযোগ রয়েছে, ১৯৯০-এর দশকে ম্যানচেস্টারের রাশলম এলাকায় একটি গ্রুমিং চক্রের সঙ্গে যুক্ত থেকে তিনি কিশোরীদের ধর্ষণ ও পাচারে জড়িত ছিলেন। অন্তত দুজন নারী এ অভিযোগ করেছেন। আরও কয়েকজন নারী একই সময়ে শিশু পরিচর্যা কেন্দ্রে যৌন নির্যাতনের শিকার হওয়ার অভিযোগ দিয়েছেন।
আগামী ছয় সপ্তাহের মধ্যে তাকে আবারও পুলিশি জামিনের শর্ত অনুযায়ী হাজির হতে হবে। হাজির না হলে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি বা প্রত্যর্পণ প্রক্রিয়া শুরু হতে পারে।
অভিযোগের বিষয়ে মন্তব্য জানতে দ্য গার্ডিয়ান যোগাযোগ করলেও রুখসার আহমেদ কোনো প্রতিক্রিয়া জানাননি।
রুখসার আহমেদ ২০০৬ থেকে ২০২১ সাল পর্যন্ত পাকিস্তানের বিভিন্ন সরকারে প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। তিনি ম্যানচেস্টারের পাকিস্তানি কমিউনিটিতে প্রভাবশালী ব্যক্তি হিসেবে পরিচিত এবং একসময় সেখানে একটি রেস্তোরাঁর মালিক ছিলেন।
সূত্র: দ্য গার্ডিয়ান