প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রীর হোটেল বলে পর্যটককে হুমকি, সী-গালের ম্যানেজার গ্রেপ্তার
কক্সবাজারের তারকা হোটেল সী-গালের রেস্তোরাঁয় দেশি মুরগির নামে সোনালি মুরগির মাংস পরিবেশনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রতিকার চাইতে গিয়ে রেস্তোরাঁর ম্যানেজারের কাছ থেকে রাজনৈতিক প্রভাব দেখিয়ে হুমকি পাওয়ার অভিযোগ করেছেন এক পর্যটক।
ঘটনার পর পুলিশ বাদী হয়ে মামলা করেছে। একই সঙ্গে অভিযুক্ত রেস্তোরাঁ ম্যানেজার মীর কামরুল হাসানকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার রাতে কক্সবাজার সদর মডেল থানায় দণ্ডবিধির ৪১৯, ৪২০ ও ৫০৬ ধারায় মামলাটি করা হয়। থানার উপপরিদর্শক (এসআই) শুভ্র রুদ্র বাদী হয়ে মামলাটি করেন।
কক্সবাজার সদর মডেল থানার ওসি শেখ মুহাম্মদ আলী জানান, প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর নাম ভাঙিয়ে পর্যটককে হুমকি দেওয়ার অভিযোগে পুলিশ বাদী হয়ে মামলা করেছে। এ ঘটনায় অভিযুক্ত ম্যানেজারকে গ্রেপ্তার করা হয়েছে।
জানা গেছে, গত ৯ আগস্ট পরিবারের সদস্যদের নিয়ে কুষ্টিয়ার কুমারখালী থেকে কক্সবাজারে বেড়াতে আসেন মোহাম্মদ রাসেল উদ্দিন। তিনি হোটেল সী-গালের ৭১৫ ও ৭১৭ নম্বর কক্ষে অবস্থান করেন।
রাতে পরিবারের সদস্যদের নিয়ে হোটেলটির নিজস্ব রেস্তোরাঁয় খাবার খেতে গিয়ে রাসেল একাধিকবার নিশ্চিত হয়ে দেশি মুরগির মাংসের অর্ডার দেন। রেস্তোরাঁর কর্মীরাও তাঁকে দেশি মুরগি পরিবেশনের কথা নিশ্চিত করেন বলে তাঁর অভিযোগ।
তবে খাবার পরিবেশনের পর মাংসের স্বাদ নিয়ে সন্দেহ হয় রাসেলের। বিষয়টি রেস্তোরাঁ কর্তৃপক্ষকে জানালে তাঁর অভিযোগ অনুযায়ী, পরে কর্তৃপক্ষ স্বীকার করে যে দেশি মুরগির পরিবর্তে সোনালি মুরগির মাংস পরিবেশন করা হয়েছে। এমনকি হোটেলটিতে ‘দেশি মুরগি’ হিসেবে সোনালি মুরগি পরিবেশন করা হয় বলেও তাঁকে জানানো হয় বলে অভিযোগ করেন তিনি।
এরপর রাসেল কক্সবাজার জেলা প্রশাসনের পর্যটন সেলের দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেটকে ফোন করে বিষয়টি জানান। পরে হোটেলটির রেস্তোরাঁ ম্যানেজার মীর কামরুল হাসান তাঁকে ফোন করেন। ওই ফোনালাপেই রাজনৈতিক প্রভাব দেখিয়ে হুমকি দেওয়া হয় বলে রাসেলের অভিযোগ।
এ ঘটনায় হোটেল সী-গাল কর্তৃপক্ষ জানিয়েছে, অভিযুক্ত ম্যানেজারকে ঘটনার পরপরই চাকরিচ্যুত করা হয়েছে।
হোটেল সী-গাল গ্রুপের চেয়ারম্যান মাসুম ইকবাল বলেন, এ ধরনের ঘটনা প্রতিষ্ঠানের নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। ভবিষ্যতে যাতে এমন ঘটনার পুনরাবৃত্তি না ঘটে, সে বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক করা হয়েছে।