সদর উপজেলা

কক্সবাজার সদর থানার বিশেষ অভিযান: গ্রেফতার ১৮

কক্সবাজার সদর মডেল থানা-পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ১৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। কক্সবাজার পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নে পরিচালিত এ অভিযানে ছিনতাইকারী, মাদক কারবারি, মাদকসেবী, ধর্তব্য অপরাধে অভিযুক্ত এবং পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেপ্তার করা হয়। এ সময় ৪৪টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে একজন ছিনতাইকারী, চারজন মাদক কারবারি, সাতজন মাদকসেবী, ধর্তব্য অপরাধে অভিযুক্ত চারজন এবং বিভিন্ন মামলায় পরোয়ানাভুক্ত দুজন রয়েছেন।

গ্রেপ্তার ছিনতাইকারী মোবারক ওরফে সালমান ওরফে ঈদ মোবারক (২৬)। পুলিশ জানায়, তাঁর বিরুদ্ধে এর আগেও দ্রুত বিচার আইন ও দণ্ডবিধির বিভিন্ন ধারায় একাধিক মামলা রয়েছে।

পুলিশের দেওয়া তালিকায় গ্রেপ্তার অন্য ব্যক্তিরা হলেন বেলাল হোসেন (২৮), এরফানুল করিম (২৯), জুনায়েদ (২০), পারভেজ ওরফে মনু (২০), নাসির উদ্দিন (৪৫), মো. কালু (৪০), জমির উদ্দিন (৪০), শাহরিয়ার ছিদ্দিক তাওসিফ (২৩), ফারদীন রহমান (২৪), নূরুল আলম (৩৫), মো. ইউনুছ (২৬), মো. জাহেদ (১৯), মো. আব্দুল্লাহ (২৬), নাহিদুল ইসলাম (২০), রোহিঙ্গা নাগরিক মোহামাদ আলী (২৭), রিপন বড়ুয়া ও মো. রাসেল।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিয়ে আদালতে সোপর্দ করা হবে।

ক্যাটাগরি