রবিবার, ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রেস বিজ্ঞপ্তি

সত্যেন সেন শিল্পীগোষ্ঠীর প্রশিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত

একাডেমির কার্যক্রম আরও গতিশীল করার আহ্বান

সাংস্কৃতিক প্রশিক্ষণ কার্যক্রমকে আরও মানসম্মত, সুশৃঙ্খল ও গতিশীল করার লক্ষ্যে সত্যেন সেন শিল্পীগোষ্ঠী, কক্সবাজার জেলা সংসদের বিভিন্ন বিভাগের প্রশিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রশিক্ষণ একাডেমির কার্যক্রম সম্প্রসারণ, প্রশিক্ষণের মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের সাংস্কৃতিক বিকাশে নতুন উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।

বৃহস্পতিবার (২০ আগস্ট) সন্ধ্যা ৭টায় কক্সবাজারের হোটেল শৈবাল মিলনায়তনে এ মতবিনিময় সভা ও চা চক্র অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি খোরশেদ আলমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মনির মোবারকের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন নৃত্য প্রশিক্ষক হারুনুর রশীদ লিটন, সঙ্গীত প্রশিক্ষক মিথিলা সেন তুহি, চিত্রকলা প্রশিক্ষক জয়া বড়ুয়া, বাদ্যযন্ত্র প্রশিক্ষক রাখাল চন্দ্র দে, একাডেমির পরিচালক সুব্রত মল্লিক।

এছাড়া সভায় সংগঠনের সদস্য প্রমথ পাল, রনি দাশগুপ্ত, মো. ইউনুস, দেবী ভট্টাচার্য্য প্রমুখ উপস্থিত ছিলেন এবং বিভিন্ন বিষয়ে মতামত তুলে ধরেন।

সভায় সত্যেন সেন শিল্পীগোষ্ঠী পরিচালিত প্রশিক্ষণ একাডেমির সার্বিক কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা হয়। প্রশিক্ষণের পরিবেশ উন্নয়ন, শিক্ষার্থীদের নিয়মিত অংশগ্রহণ নিশ্চিত করা, প্রশিক্ষণের মান বাড়ানো এবং বিভিন্ন সাংস্কৃতিক আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের প্রতিভা বিকাশের বিষয়ে প্রশিক্ষকরা মতামত ও পরামর্শ প্রদান করেন।

বক্তারা বলেন, সাংস্কৃতিক চর্চাকে আরও বিস্তৃত করতে প্রশিক্ষণ কার্যক্রমের পাশাপাশি নিয়মিত কর্মশালা, প্রতিযোগিতা, সাংস্কৃতিক পরিবেশনা ও বিভিন্ন সৃজনশীল আয়োজন করা প্রয়োজন। প্রশিক্ষক, শিক্ষার্থী ও সংগঠনের দায়িত্বশীলদের সমন্বিত উদ্যোগের মাধ্যমে একাডেমিকে কক্সবাজারের একটি কার্যকর সাংস্কৃতিক প্রশিক্ষণকেন্দ্র হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করা হয়।

সভা শেষে উপস্থিত প্রশিক্ষক ও সদস্যদের অংশগ্রহণে চা চক্র অনুষ্ঠিত হয়।

ক্যাটাগরি