‘সবার জন্য, সর্বত্র, প্রতিদিন শান্তিতে বিনিয়োগ’ প্রতিপাদ্যে ক্যাম্প-১৫-এ আন্তর্জাতিক শান্তি দিবস পালিত
‘সবার জন্য, সর্বত্র, প্রতিদিন—শান্তিতে বিনিয়োগ’ (Invest in Peace—For Everyone, Everywhere, Every Day) প্রতিপাদ্যে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প-১৫-এ আন্তর্জাতিক শান্তি দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) ফ্রেন্ডস ইন ভিলেজ ডেভেলপমেন্ট বাংলাদেশ (এফআইভিডিবি)-এর GIZ-SHADE প্রকল্পের উদ্যোগে দিবসটি উপলক্ষে শান্তি র্যালি ও আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ক্যাম্প-১৫-এর ক্যাম্প-ইন-চার্জ (সিআইসি) মো. মনোয়ার হোসেন। বিশেষ অতিথি ছিলেন সিআইসি কার্যালয়ের কমিউনিটি মোবিলাইজেশন অ্যাসিস্ট্যান্ট (সিএমএ) মো. মাইন উদ্দিন। এ ছাড়া ব্র্যাকের লিগ্যাল অফিসার মো. তারেক আজিজ জামি, অ্যাসোসিয়েট লিগ্যাল অফিসার মো. সারওয়ার হোসেন, মাঝি, ধর্মীয় নেতা, শিক্ষক, সাংবাদিক, স্থানীয় ও ক্যাম্পের গণ্যমান্য ব্যক্তি এবং বিভিন্ন প্রতিষ্ঠানের স্বেচ্ছাসেবকেরা অংশ নেন।
কর্মসূচির শুরুতে ক্যাম্প-১৫-এ একটি শান্তি র্যালি বের করা হয়। ফেস্টুন ও শান্তির বার্তাসংবলিত প্ল্যাকার্ড হাতে অতিথিদের পাশাপাশি ক্যাম্প-১৪ ও ১৫-এর প্রশিক্ষিত মেডিয়েটর এবং পিস প্রমোশন গ্রুপের (পিপিজি) সদস্যরা র্যালিতে অংশ নেন। র্যালি থেকে শান্তি, সম্প্রীতি, পারস্পরিক সহযোগিতা ও সহাবস্থানের বার্তা দেওয়া হয়।
প্রধান অতিথির বক্তব্যে ক্যাম্প-ইন-চার্জ মো. মনোয়ার হোসেন বলেন, ‘শান্তি শুধু যুদ্ধ, ঝগড়া ও বিবাদের অনুপস্থিতি নয়; মানবতার বিভিন্ন চ্যালেঞ্জ সম্মিলিতভাবে মোকাবিলার জন্য শান্তি হলো প্রয়োজনীয় ভিত্তি। আমাদের দৈনন্দিন জীবনে নিরাপত্তা, মর্যাদা, সুযোগ ও পারস্পরিক সহযোগিতার বাস্তব অভিজ্ঞতাই শান্তির বহিঃপ্রকাশ।’
তিনি আরও বলেন, ‘শান্তি শুধু সম্মেলন কক্ষে তৈরি হয় না—প্রতিদিন, সর্বত্র এবং সবার সম্মিলিত প্রচেষ্টায় শান্তি গড়ে ওঠে।’
আয়োজকদের পক্ষে প্রকল্প সমন্বয়কারী মো. মহিউদ্দিন খান বলেন, শান্তি প্রতিষ্ঠা কোনো একক ব্যক্তি বা প্রতিষ্ঠানের দায়িত্ব নয়। ব্যক্তি, পরিবার, কমিউনিটি, স্থানীয় প্রশাসন ও বিভিন্ন অংশীজনের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে শান্তি প্রতিষ্ঠা সম্ভব। কমিউনিটিভিত্তিক শান্তি ও বিরোধ নিষ্পত্তির কার্যকর উদ্যোগ পারস্পরিক আস্থা, সামাজিক সংহতি এবং শান্তিপূর্ণ সহাবস্থান আরও শক্তিশালী করতে পারে।
আয়োজকেরা জানান, আন্তর্জাতিক শান্তি দিবসের এ আয়োজনের মধ্য দিয়ে FIVDB-GIZ SHADE প্রকল্প কমিউনিটিতে শান্তি, সামাজিক সংহতি, পারস্পরিক শ্রদ্ধা ও শান্তিপূর্ণ সহাবস্থানের সংস্কৃতি শক্তিশালী করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।