আর্ন্তজাতিক

নেপালে ভয়াবহ বন্যায় নিহত ৩৩২, নিখোঁজ ৯০০

নেপালে ভয়াবহ আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৩৩২ জনে দাঁড়িয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) স্থানীয় সময় বিকেল ৩টা ৫০ মিনিট পর্যন্ত দেশটির পুলিশের হিসাবে এ সংখ্যা জানা গেছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় দুপুর ২টা ৩০ মিনিটের পুলিশের আপডেটে নিহতের সংখ্যা ছিল ২৮৯ জন। মাত্র কিছু সময়ের ব্যবধানে আরও ৪৩ জনের মৃত্যুর তথ্য যুক্ত হয়েছে।

নেপাল-তিব্বত সীমান্তে আকস্মিক এই বন্যায় ঘরবাড়ি, সড়ক ও সেতু ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এখনো ৯০০ জনের বেশি মানুষ নিখোঁজ রয়েছেন। নিখোঁজদের সন্ধানে নেপালের সেনাবাহিনী ও পুলিশ উদ্ধার অভিযান চালাচ্ছে। দুর্গম এলাকায় হেলিকপ্টারের মাধ্যমে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

প্রাথমিকভাবে ভূমিকম্পকে বন্যার সম্ভাব্য কারণ মনে করা হলেও পরে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (USGS) জানায়, হিমবাহের বরফ, পাথর ও মাটির ধস থেকে সৃষ্ট বিশাল জলস্রোতই এই বিপর্যয়ের কারণ।

প্রবল স্রোত রাসুয়াসহ বিভিন্ন জেলার ওপর দিয়ে বয়ে গিয়ে ত্রিশূলী ও নারায়ণী নদী ব্যবস্থার দিকে নেমে যায়। এতে বহু বসতি, সড়ক, সেতু ও অন্যান্য অবকাঠামো ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে।

নিখোঁজদের সন্ধান এবং ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ হিসাব সংগ্রহের কাজ অব্যাহত রয়েছে।

ক্যাটাগরি