ঢেউয়ের দেশে বাংলাদেশের ইতিহাসের অপেক্ষা, সার্ফিং ভেন্যুতে কক্সবাজারের ফাতেমা-মান্নান
ঢেউয়ের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক নতুন নয়। তবে এবার সেই ঢেউ পাড়ি দিয়ে দেশের সার্ফিং পৌঁছে গেছে এশিয়ার সবচেয়ে বড় ক্রীড়া মঞ্চে। জাপানের নাগোয়ায় পৌঁছেছে বাংলাদেশের সার্ফিং দল। এশিয়ান গেমসের সার্ফিং ইভেন্টে দেশের ইতিহাসে প্রথমবারের মতো অংশ নিতে প্রস্তুত তারা।
বাংলাদেশের হয়ে পুরুষ বিভাগে লড়বেন মো. মান্নান। নারী বিভাগে দেশের প্রতিনিধিত্ব করবেন জাতীয় চ্যাম্পিয়ন ফাতেমা আকতার। দীর্ঘ যাত্রা শেষে দুজনসহ দলের সদস্যরা এখন প্রতিযোগিতা ভেন্যুর কাছাকাছি হোটেলে অবস্থান করছেন। সামনে মাত্র দুই দিনের অনুশীলন, এরপরই শুরু হবে মূল লড়াই।
বাংলাদেশ সার্ফিং দলের টিম অফিসিয়াল ও কোচ মো. সাইফুল্ল্যাহ সিফাত জানান, মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) জাপানের স্থানীয় সময় বিকেল ৩টা ৫০ মিনিটে আইচি-নাগোয়া বিমানবন্দরে পৌঁছান তারা। এর আগে ২১ সেপ্টেম্বর দিবাগত রাত ২টার দিকে ঢাকা থেকে যাত্রা শুরু করে দলটি। হংকং হয়ে জাপানে পৌঁছানোর পর অ্যাক্রিডিটেশনসহ প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষ করেন তারা।
বিমানবন্দর থেকে বাসে করে সার্ফিং ভেন্যুর কাছাকাছি হোটেলে পৌঁছাতে প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা সময় লাগে। হোটেলে গিয়ে ওয়েলকাম প্যাক গ্রহণের পাশাপাশি প্রতিযোগিতার সময়সূচি, ভেন্যুতে যাতায়াত ও অন্যান্য প্রয়োজনীয় তথ্য জেনে নেন দলের সদস্যরা।
তবে প্রস্তুতির সময় খুবই সীমিত। ২৩ ও ২৪ সেপ্টেম্বর ভেন্যু অনুশীলনের জন্য উন্মুক্ত থাকবে। ফলে মূল প্রতিযোগিতার আগে মাত্র দুই দিন ঢেউ ও ভেন্যুর সঙ্গে মানিয়ে নেওয়ার সুযোগ পাবেন মান্নান ও ফাতেমা। ২৫ সেপ্টেম্বর সকাল ৭টা থেকে শুরু হবে এশিয়ান গেমসের সার্ফিংয়ের মূল প্রতিযোগিতা।
নাগোয়ার বর্তমান আবহাওয়া কিছুটা ঠান্ডা ও মেঘাচ্ছন্ন। গত সপ্তাহে একটি টাইফুনের প্রভাবও ছিল। তবে আয়োজকদের প্রত্যাশা, প্রতিযোগিতা শুরুর সময় আবহাওয়া অনুকূলে থাকবে।
বাংলাদেশ দলের কোচ সাইফুল্ল্যাহ সিফাত জানান, একই হোটেলে ভারত, শ্রীলঙ্কা ও চীনসহ বিভিন্ন দেশের সার্ফিং দল অবস্থান করছে। দলের সবাই ভালো আছেন। স্বল্প সময়ের মধ্যেই ভেন্যুর পরিবেশ ও ঢেউয়ের সঙ্গে মানিয়ে নিয়ে নিজেদের সর্বোচ্চ প্রস্তুতি নেওয়ার লক্ষ্য বাংলাদেশের।
আগামী ২৫ থেকে ২৮ সেপ্টেম্বর জাপানে অনুষ্ঠিত হবে এশিয়ান গেমসের সার্ফিং ইভেন্ট। এতে স্বাগতিক জাপানসহ এশিয়ার ১৭টি দেশের ৪৮ জন সার্ফার অংশ নেবেন।
এবার তাই শুধু প্রতিযোগিতা নয়, বাংলাদেশের সার্ফিংয়ের জন্য এটি নতুন এক অধ্যায়ের শুরু। জাপানের ঢেউয়ে মান্নান ও ফাতেমার লড়াইয়ের মধ্য দিয়ে এশিয়ান গেমসে প্রথমবারের মতো ইতিহাসের পাতায় নাম লেখাতে যাচ্ছে বাংলাদেশের সার্ফিং।