টানা পঞ্চম দফায় কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ২ হাজার ২১৬ টাকা
দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ভরিতে ২ হাজার ২১৬ টাকা কমিয়ে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১৭ হাজার ৫৯১ টাকা। এ নিয়ে টানা পাঁচ দফায় ভরিপ্রতি স্বর্ণের দাম কমল ১২ হাজার ৭১ টাকা।
শনিবার (১৪ নভেম্বর) সকালে এক বিজ্ঞপ্তিতে পঞ্চমবারের মতো স্বর্ণের দাম কমানোর ঘোষণা দেয় বাজুস। নতুন দাম সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।
নতুন দর অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ২ লাখ ১৭ হাজার ৫৯১ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৭ হাজার ৭৯৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৭৮ হাজার ৪৫৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৪৫ হাজার ৮০০ টাকা।
এর আগে শুক্রবার (১৩ নভেম্বর) টানা চতুর্থ দফায় স্বর্ণের দাম কমিয়েছিল বাজুস। সেদিন ভরিতে ২ হাজার ১১৫ টাকা কমিয়ে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ১৯ হাজার ৮০৮ টাকা।