কক্সবাজারের মহেশখালীতে দেশের তৃতীয় এলএনজি টার্মিনাল স্থাপনে চীনের প্রস্তাব অনুমোদন করেছে সরকার
দেশের জ্বালানি সরবরাহ বাড়াতে কক্সবাজারের মহেশখালীর কুতুবজোমে তৃতীয় ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) স্থাপনের অনুমোদন পেয়েছে চীনের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান চায়না ন্যাশনাল এনার্জি ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড (সিএনইই)। ১৫ বছর মেয়াদি চুক্তিতে প্রায় ১২ হাজার ৩২৪ কোটি টাকা অথবা ২০ বছর মেয়াদি চুক্তিতে ১৩ হাজার ১৬১ কোটি টাকা ব্যয়ে টার্মিনালটি নির্মাণ ও পরিচালনার প্রস্তাবে সম্মতি দিয়েছে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।
বৃহস্পতিবার কমিটির বৈঠক শেষে অর্থ মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। এর মধ্য দিয়ে চীনা প্রতিষ্ঠানটির প্রস্তাব অনুমোদন পেল। এর আগে গত অক্টোবরে একই ব্যয়ের প্রস্তাব ফেরত পাঠানো হয়েছিল। তখন ব্যয় কমানোর বিষয়ে আলোচনার কথা থাকলেও শেষ পর্যন্ত ব্যয় অপরিবর্তিত রেখেই প্রস্তাবটি অনুমোদন দেওয়া হয়েছে।
জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের নথি অনুযায়ী, কুতুবজোমে এলএনজি টার্মিনাল স্থাপনে সিএনইইর দর প্রস্তাব সুপারিশ করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তবে অনুমোদিত প্রস্তাবে দৈনিক টার্মিনাল ফি, সুনির্দিষ্ট সক্ষমতা এবং বাণিজ্যিকভাবে চালুর সময় সম্পর্কে বিস্তারিত তথ্য উল্লেখ নেই।
গত ১৯ জুন কুতুবজোমে একটি অফশোর এলএনজি টার্মিনাল নির্মাণের প্রস্তাব দিয়েছিল সিএনইই। ওই প্রস্তাবে দৈনিক ৬০০ মিলিয়ন ঘনফুট গ্যাস পুনরায় সরবরাহের (রিগ্যাসিফিকেশন) সক্ষমতা এবং সর্বোচ্চ ৭৫০ মিলিয়ন ঘনফুট সক্ষমতার কথা বলা হয়েছিল।
প্রাথমিক প্রস্তাবে ১৫ বছর মেয়াদি চুক্তির আওতায় দৈনিক ৩ লাখ ৪২ হাজার ডলার ফি চেয়েছিল প্রতিষ্ঠানটি। বর্তমানে এক্সিলারেট এনার্জির টার্মিনালের জন্য সরকারকে দৈনিক ২ লাখ ৫৪ হাজার ডলার এবং সামিট এলএনজি টার্মিনালের জন্য ২ লাখ ৪৯ হাজার ১১৫ ডলার দিতে হয়। সে হিসাবে নতুন টার্মিনালের প্রস্তাবিত দৈনিক ফি বর্তমান দুই টার্মিনালের তুলনায় প্রায় ৩৫ থেকে ৩৭ শতাংশ বেশি।
গ্যাসের চাহিদা ও সরবরাহে বড় ঘাটতি
দেশে দৈনিক গ্যাসের চাহিদা প্রায় ৩ হাজার ৮০০ মিলিয়ন ঘনফুট। বিপরীতে দেশীয় উৎপাদন ও আমদানি করা এলএনজি মিলিয়ে স্বাভাবিক সময়ে সরবরাহ হচ্ছে প্রায় ২ হাজার ৭০০ মিলিয়ন ঘনফুট। ফলে প্রতিদিনই উল্লেখযোগ্য পরিমাণ গ্যাসের ঘাটতি থাকছে।
বর্তমানে মহেশখালীতে দুটি ভাসমান এলএনজি টার্মিনাল রয়েছে। এক্সিলারেট এনার্জির টার্মিনালের দৈনিক রিগ্যাসিফিকেশন সক্ষমতা ৬০০ মিলিয়ন ঘনফুট এবং সামিটের সক্ষমতা ৫০০ মিলিয়ন ঘনফুট। এর কোনো একটি টার্মিনাল বিকল হলে জাতীয় গ্যাস সরবরাহ ব্যবস্থায় বড় ধরনের প্রভাব পড়ে।
এ পরিস্থিতিতে জ্বালানি সংকট মোকাবিলায় দেশে নতুন তিন থেকে চারটি ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপনের পরিকল্পনা করছে সরকার। এ ধরনের প্রকল্পে চীনা বিনিয়োগকারীদের পাশাপাশি যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার বেসরকারি প্রতিষ্ঠানগুলোও আগ্রহ দেখিয়েছে।
গত ৭ সেপ্টেম্বর এফবিসিসিআই কার্যালয়ে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে বৈঠকে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন এফএসআরইউ স্থাপনের ক্ষেত্রে স্বচ্ছ ও প্রতিযোগিতামূলক প্রক্রিয়ার ওপর গুরুত্ব দেন। তিনি জানান, মার্কিন কোম্পানিগুলো বাংলাদেশে কাজ করতে আগ্রহী।
জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, দ্রুততম সময়ে টার্মিনাল নির্মাণের সক্ষমতা দেখাতে পারলে মার্কিন কোম্পানির প্রস্তাব সর্বোচ্চ গুরুত্ব পাবে। তবে বিভিন্ন দেশের আগ্রহের মধ্যেই কুতুবজোমে তৃতীয় এলএনজি টার্মিনাল নির্মাণের অনুমোদন পেল চীনা প্রতিষ্ঠান সিএনইই। প্রতিষ্ঠানটির অক্টোবরের শেষ দিকে দেওয়া প্রস্তাবে ২০২৮ সালের মধ্যে টার্মিনাল চালুর কথা বলা হয়েছে।
এলএনজি আমদানির পাঁচ প্রস্তাবে অনুমোদন
এদিকে বৃহস্পতিবার সরকারি ক্রয়সংক্রান্ত কমিটির পাশাপাশি অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকেও এলএনজি আমদানির বিভিন্ন প্রস্তাব অনুমোদন করা হয়েছে। দুই কমিটি মিলিয়ে মোট পাঁচটি প্রস্তাবে সম্মতি দেওয়া হয়েছে।
পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতির মধ্যে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে জাপানের মার্কেটসের সঙ্গে পেট্রোবাংলার স্বল্পমেয়াদি সরাসরি এলএনজি কেনার প্রস্তাবে সম্মতি দেওয়া হয়েছে।
এ ছাড়া সংযুক্ত আরব আমিরাতের এডিএনওসি ট্রেডিং এবং নাইজেরিয়ার ওজিমাডু অ্যান্ড মেরিটেস ওয়েল মার্কেটিং লিমিটেড থেকে সরাসরি এলএনজি কেনার নীতিগত অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।
এ তিনটি প্রস্তাবই সরকারি ক্রয় আইন অনুযায়ী সরাসরি ক্রয়ের। অর্থাৎ প্রতিযোগিতামূলক দরপত্র ছাড়াই এসব প্রতিষ্ঠান থেকে এলএনজি কেনা হবে। তবে এগুলো এখনো নীতিগত অনুমোদনের পর্যায়ে রয়েছে। দাম ও আমদানির পরিমাণ নির্ধারণের প্রস্তাব পরবর্তী সময়ে সরকারি ক্রয়সংক্রান্ত কমিটিতে উপস্থাপন করা হবে।
অন্যদিকে ক্রয়সংক্রান্ত কমিটির বৈঠকে ওমানের ওকিউ ট্রেডিং থেকে ২০২৭ সালের এলএনজি কার্গো কেনার বিষয়ে তিনটি ‘সাইড লেটার’ স্বাক্ষর ও দর অনুমোদন করা হয়েছে। পাশাপাশি মালয়েশিয়ার পেন্টিচিউড এনার্জি থেকে ২০২৭ সালে দুই কার্গো এলএনজি কেনার প্রস্তাবেও সম্মতি দেওয়া হয়েছে। চুক্তিতে উভয় পক্ষের সম্মতিতে কার্গোর পরিমাণ কমানো বা বাড়ানোর সুযোগ রাখা হয়েছে।
এ ছাড়া বৈঠকে রমজান উপলক্ষে খেজুর আমদানি, সার আমদানি এবং কয়েকটি অবকাঠামো নির্মাণ প্রকল্পের কেনাকাটার প্রস্তাবও অনুমোদন করা হয়েছে।