ইনানীতে নলকূপ খননের স্থানে গ্যাসের আগুন, ঘটনাস্থলের ২০০ মিটারের মধ্যে ১৪৪ ধারা জারি
কক্সবাজারের উখিয়ার ইনানীতে ভূগর্ভ থেকে নির্গত গ্যাসের আগুনের ঘটনায় জননিরাপত্তা নিশ্চিত করতে ঘটনাস্থলের ২০০ মিটারের মধ্যে ১৪৪ ধারা জারি করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পান্না আক্তার।
বৃহস্পতিবার রাতে ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পান্না আক্তার স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।
গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঘটনাস্থলের ২০০ মিটারের মধ্যে সাধারণ মানুষের প্রবেশ ও অবস্থান নিষিদ্ধ। একই সঙ্গে আগুন জ্বালানো, ধূমপান, দিয়াশলাই ও লাইটার ব্যবহারসহ অগ্নিকাণ্ডের ঝুঁকি তৈরি করতে পারে—এমন কর্মকাণ্ডেও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
গত ২৭ অক্টোবর ইনানীতে নলকূপ স্থাপনের জন্য মাটি খনন করে পাইপ প্রবেশ করানোর একপর্যায়ে ভূগর্ভ থেকে গ্যাস নির্গত হতে শুরু করে। পরে সেই গ্যাসে আগুন ধরে যায়। এরপর থেকে ঘটনাস্থলে আগুন জ্বলতে থাকায় জননিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দেয়।
গ্যাসের প্রকৃতি ও উৎস নির্ণয়ে ঘটনাস্থল পরিদর্শন করে নমুনা সংগ্রহ করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেডের (বাপেক্স) একটি কারিগরি দল। বিষয়টি নিয়ে অধিকতর অনুসন্ধান চলছে।
জননিরাপত্তার স্বার্থে স্থানীয় বাসিন্দা ও দর্শনার্থীদের ঘটনাস্থল থেকে নিরাপদ দূরত্বে থাকার এবং প্রশাসনের নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছে উপজেলা প্রশাসন।