জুলাই যুদ্ধে আহত যারা গেজেটভুক্ত হননি! তাদের আবেদনের সুযোগ
জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার আন্দোলনে অংশ নিয়ে আহত হলেও এখনো ‘জুলাই যোদ্ধা’ হিসেবে গেজেটভুক্ত হননি—এমন ব্যক্তিদের নাম তালিকাভুক্তির জন্য আবেদন আহ্বান করেছে কক্সবাজার জেলা প্রশাসন।
বুধবার (১১ নভেম্বর) জেলা প্রশাসকের কার্যালয় থেকে জারি করা এক গণবিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জুলাই গণঅভ্যুত্থান চলাকালে আন্দোলনে অংশ নিয়ে আহত হয়ে চিকিৎসা নিয়েছেন অথবা এখনো চিকিৎসাধীন রয়েছেন, কিন্তু গেজেটভুক্ত হননি—এমন ব্যক্তিরা তালিকাভুক্তির জন্য আবেদন করতে পারবেন।
আবেদন করতে হলে আহত ব্যক্তির জাতীয় পরিচয়পত্র বা জন্মনিবন্ধন সনদ, স্থায়ী ও বর্তমান ঠিকানার তথ্য এবং আহত হওয়ার স্বপক্ষে উপযুক্ত প্রমাণক জমা দিতে হবে। সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়, জেলা প্রশাসকের কার্যালয় অথবা জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তরে সরাসরি আবেদন করা যাবে।
জেলা প্রশাসনের গণবিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, জমা পড়া আবেদনগুলো যাচাই-বাছাই শেষে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তরে পাঠানো হবে।
জেলা ম্যাজিস্ট্রেট স্বাক্ষরিত বিজ্ঞপ্তিটি ১১ নভেম্বর জারি করা হয়েছে।