ইনানীতে ১৮ দিন ধরে জ্বলছে গ্যাসের আগুন, নিয়ন্ত্রিত উত্তোলনের প্রস্তুতি নিচ্ছে বাপেক্স
কক্সবাজারের উখিয়ার ইনানীতে নলকূপ খননের সময় বেরিয়ে আসা প্রাকৃতিক গ্যাসের আগুন টানা ১৮ দিন ধরে জ্বলছে। এবার সেখান থেকে নিয়ন্ত্রিতভাবে গ্যাস উত্তোলনের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি (বাপেক্স)। এ লক্ষ্যে ঘটনাস্থলে নেওয়া হচ্ছে ভারী যন্ত্রপাতি, পাইপ ও প্রয়োজনীয় কারিগরি সরঞ্জাম।
শুক্রবার (১৩ নভেম্বর) সকাল থেকে লরি ও ক্রেনের সাহায্যে এসব সরঞ্জাম ঘটনাস্থলে নেওয়া হয়। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, প্রস্তুতি সম্পন্ন হলে যেকোনো সময় নিয়ন্ত্রিত খনন ও কারিগরি কার্যক্রম শুরু হতে পারে।
উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পান্না আকতার জানান, গ্যাস বেরিয়ে আগুন জ্বলে ওঠার পর থেকেই প্রশাসন পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। জননিরাপত্তা নিশ্চিত করা এবং বিস্ফোরণ ও ভূমিধসের ঝুঁকি এড়াতে ঘটনার পরপরই ১৪৪ ধারা জারি করা হয়। ফায়ার সার্ভিস ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সেখানে নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করছেন।
তিনি আরও জানান, বাপেক্সের উচ্চপর্যায়ের বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে অবস্থান করছে। তারা গ্যাসের চাপ ও প্রবাহ, ভূতাত্ত্বিক গঠন এবং নিরাপদে গ্যাস উত্তোলনের সম্ভাব্য পদ্ধতি নিয়ে কাজ করছেন।
বাপেক্সের ভূতত্ত্ববিদ নাসির উদ্দিন জানান, দীর্ঘ পর্যবেক্ষণে গ্যাসের প্রবাহ ও চাপ স্থিতিশীল পাওয়া গেছে। নিরাপত্তা নিশ্চিত করে আগুন নিয়ন্ত্রণে আনা এবং পরবর্তী সময়ে বাণিজ্যিকভাবে গ্যাস উত্তোলনের বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিশেষজ্ঞদের ধারণা, ইনানীর ভূগর্ভে উল্লেখযোগ্য গ্যাসের স্তর থাকতে পারে। টানা ১৮ দিন ধরে একই ধরনের চাপ ও প্রবাহে গ্যাস বেরিয়ে আসায় বড় মজুদের সম্ভাবনা তৈরি হয়েছে। তবে ভূতাত্ত্বিক জরিপ, সিসমিক সমীক্ষা ও প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ছাড়া প্রকৃত মজুদ এবং বাণিজ্যিক সম্ভাবনা নিশ্চিত হওয়া সম্ভব নয়।
সংশ্লিষ্টদের মতে, পর্যাপ্ত গ্যাসের মজুদ নিশ্চিত হওয়ার পাশাপাশি বাণিজ্যিকভাবে উত্তোলন সম্ভব হলে ইনানী দেশের সম্ভাব্য ৩১তম গ্যাসক্ষেত্র হিসেবে বিবেচিত হতে পারে। এতে দেশের জ্বালানি নিরাপত্তা জোরদার এবং আমদানিনির্ভরতা কমানোর নতুন সম্ভাবনা তৈরি হতে পারে।
উল্লেখ্য, গত ২৭ অক্টোবর উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের ছোট ইনানী এলাকায় গভীর নলকূপ খননের সময় প্রায় এক হাজার ফুট গভীর থেকে প্রাকৃতিক গ্যাস বেরিয়ে আগুন ধরে যায়। এরপর থেকে আগুন অব্যাহতভাবে জ্বলছে। বাপেক্স, পেট্রোবাংলা ও স্থানীয় প্রশাসন যৌথভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ এবং নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করছে।