টেকনাফ

টেকনাফে বিজিবির পৃথক অভিযানে ২ লাখ ১০ হাজার ইয়াবা ও ৬ কেজি গাঁজা জব্দ, আটক ৩

কক্সবাজারের টেকনাফে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) পৃথক দুটি বিশেষ অভিযানে ২ লাখ ১০ হাজার পিস ইয়াবা ও ৬ কেজি গাঁজাসহ তিনজনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের মধ্যে দুজন নারী ও একজন পুরুষ। এ সময় দুটি বাটন ফোনও জব্দ করা হয়।

শনিবার (১৪ নভেম্বর) সকালে এসব তথ্য নিশ্চিত করেন টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী।

বিজিবি জানায়, শুক্রবার (১৩ নভেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফের মহেশখালীপাড়া এলাকায় মেরিন ড্রাইভ সড়কে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে অভিযান চালানো হয়। এ সময় একটি অটোরিকশায় থাকা দুই নারীকে সন্দেহ হলে তাঁদের সঙ্গে থাকা মালামাল তল্লাশি করা হয়। পরে একটি প্লাস্টিকের ঝুড়ির ভেতরে পলিথিনে মোড়ানো অবস্থায় ৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় দুই নারীকে আটক করে বিজিবি।

আটক দুই নারী হলেন টেকনাফের হাবিরপাড়া এলাকার মোছা. ছেনোয়ারা বেগম (৫০) ও দিলারা বেগম (৪০)।

অন্যদিকে, শনিবার (১৪ নভেম্বর) রাত ২টার দিকে টেকনাফের সাবরাং বিওপির দায়িত্বপূর্ণ জিন্নাখাল এলাকায় নাফ নদীতে বিশেষ অভিযান চালায় বিজিবি। মিয়ানমার থেকে নাফ নদী হয়ে ইয়াবার একটি বড় চালান বাংলাদেশে প্রবেশের গোপন তথ্যের ভিত্তিতে স্পিডবোট নিয়ে অবস্থান নেয় বিশেষ টহল দল।

এ সময় থার্মাল ইমেজার ও রাডারের মাধ্যমে মিয়ানমার থেকে আসা দুই সন্দেহভাজন ব্যক্তির গতিবিধি শনাক্ত করা হয়। পরে তাঁদের বস্তাসহ সাঁতরে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখা যায়। বিজিবির উপস্থিতি টের পেয়ে একজন পালিয়ে গেলেও অপরজনকে একটি বস্তাসহ আটক করা হয়। বস্তাটি তল্লাশি করে বিশেষভাবে মোড়কজাত অবস্থায় ২ লাখ ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

আটক ব্যক্তি মো. হোসেন (৫০)। তিনি সাবরাং ইউনিয়নের গোলারপাড়া এলাকার বাসিন্দা। এ ঘটনায় মো. শাকের (৪০) নামে আরও একজন পালিয়ে গেছেন বলে জানিয়েছে বিজিবি।

লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বলেন, মাদকদ্রব্যের অবৈধ পাচার দেশের যুবসমাজ, জনস্বাস্থ্য ও সামাজিক নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি।

ক্যাটাগরি