টেকনাফ

টেকনাফে অসুস্থ স্ত্রী হাতিকে সঙ্গ দিচ্ছে পুরুষ হাতি, চিকিৎসার দাবি স্থানীয়দের

কক্সবাজারের টেকনাফের বাহারছড়া ইউনিয়নে প্রায়ই লোকালয়ে নেমে আসে বন্য হাতির দল। কখনো একা, আবার কখনো জোড়ায় বা কয়েকটি হাতি একসঙ্গে খাদ্যের সন্ধানে লোকালয়ে প্রবেশ করে। এ সময় স্থানীয়দের সুপারি বাগানসহ বিভিন্ন ফসলের ক্ষয়ক্ষতি হয়। হাতির আক্রমণে আহত হওয়ার ঘটনাও ঘটে।

এরই মধ্যে গত কয়েক দিন ধরে বাহারছড়ার অন্যতম দর্শনীয় স্থান জাহাজপুরা ইকোপার্ক ও হাজী মোজাহের স্মৃতি স্টেডিয়াম সংলগ্ন এলাকায় একটি অসুস্থ হাতিকে ঘোরাফেরা করতে দেখা যায়।

সোমবার (১৬ নভেম্বর) ভোর ৬টার দিকে ওই এলাকায় একটি পুরুষ ও সেই স্ত্রী হাতিকে লোকালয়ে দেখা যায়। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, স্ত্রী হাতিটি গুরুতর অসুস্থ। তার পেছনের ডান পায়ে গুলির আঘাতের মতো একটি গভীর ক্ষত রয়েছে। ক্ষতস্থান থেকে পুঁজ বের হচ্ছে এবং ওপরের চামড়া উঠে যাওয়ায় জায়গাটি সাদা হয়ে গেছে। গুরুতর আঘাতের কারণে হাতিটি স্বাভাবিকভাবে হাঁটাচলাও করতে পারছে না।

প্রত্যক্ষদর্শীদের দাবি, পাহাড়ে অবস্থানরত সন্ত্রাসী, অপহরণকারী ও মানবপাচারকারীদের গুলিতে স্ত্রী হাতিটি আহত হয়ে থাকতে পারে। তবে কে বা কারা এবং কী কারণে হাতিটিকে আঘাত করেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

স্থানীয়রা জানান, অসুস্থ স্ত্রী হাতিটির পাশে অবস্থান করছে একটি সুস্থ পুরুষ হাতি। চলাফেরার সময় পুরুষ হাতিটিকে বারবার স্ত্রী হাতিটির পাশে থাকতে এবং তাকে এগিয়ে যেতে সহযোগিতা করতে আবেগঘন মূহুর্ত দেখা যায়। কিন্তু পায়ের তীব্র যন্ত্রণায় স্ত্রী হাতিটি ঠিকমতো পা মাটিতে ফেলতে পারছে না। দুটি হাতির এমন আবেগঘন দৃশ্য স্থানীয়দের মধ্যে সহানুভূতির পাশাপাশি উদ্বেগও তৈরি করেছে।

স্থানীয়দের আশঙ্কা, দ্রুত চিকিৎসার ব্যবস্থা না করা হলে অসুস্থ হাতিটির শারীরিক অবস্থা আরও অবনতি হতে পারে। তাই বন বিভাগ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত বিশেষজ্ঞ চিকিৎসক পাঠিয়ে হাতিটির কার্যকর চিকিৎসা নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা।

এ বিষয়ে শিলখালী রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা তৌহিদুল ইসলাম জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে তিনি ও তাঁর টিম দ্রুত ঘটনাস্থলে যান। সেখানে হাতিটিকে গুরুতর আহত অবস্থায় দেখতে পান। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। দ্রুত সময়ের মধ্যে হাতিটির চিকিৎসার ব্যবস্থা করা হবে।

তিনি আরও বলেন, আহত হাতিটির কাছে গিয়ে কেউ যেন বিরক্ত বা আক্রমণ না করেন। এ বিষয়ে স্থানীয়দের সতর্ক থাকার অনুরোধ জানান তিনি।

এখন স্থানীয়দের একটাই প্রত্যাশা—দ্রুত চিকিৎসা পেয়ে সুস্থ হয়ে উঠুক অসুস্থ স্ত্রী হাতিটি।

ক্যাটাগরি