উখিয়ায় ফেসবুকে পাল্টাপাল্টি স্ট্যাটাসের জেরে সংঘর্ষ, ১১ দিন পর হাসপাতালে শফিকের মৃত্যু
কক্সবাজারের উখিয়ায় ফেসবুকে পাল্টাপাল্টি স্ট্যাটাস দেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে গুরুতর আহত শফিউল আলম শফিক (২৮) ১১ দিন চিকিৎসাধীন থাকার পর মারা গেছেন।
সোমবার (১৬ নভেম্বর) ভোরে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। শফিক উপজেলার রত্নাপালং ইউনিয়নের আমতলী গ্রামের মোহাম্মদ ইসলাম প্রকাশ বড় মনুর ছেলে। তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, রত্নাপালং ইউনিয়নের আমতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠসংলগ্ন চারমোড় এলাকায় স্থানীয় দোকানমালিক কফিল ও মুসলিম নামের দুই ব্যক্তির মধ্যে মনোমালিন্য থেকে ঘটনার সূত্রপাত। এ বিরোধের জেরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তাঁদের মধ্যে পাল্টাপাল্টি স্ট্যাটাস দেওয়া হয়। একপর্যায়ে মুসলিম বিষয়টি তাঁর অভিভাবকদের জানান। এ সময় শফিকের নামও অভিযোগে উঠে আসে। পরে মুসলিম বিষয়টি শফিকের বাবা মোহাম্মদ ইসলাম প্রকাশ বড় মনুকে জানান।
বাবার কাছে অভিযোগ করার বিষয়টি জানতে পেরে শফিক মুসলিমের কাছে গিয়ে এর কারণ জানতে চান। এ নিয়ে প্রথমে দুজনের মধ্যে কথা-কাটাকাটি হয়। পরে তা হাতাহাতি ও মারামারিতে গড়ায়।
প্রত্যক্ষদর্শীদের দাবি, গত ৬ নভেম্বর আমতলী এলাকায় সংঘর্ষের একপর্যায়ে মুসলিম তাঁর হাতে থাকা মোটরসাইকেলের চাবি দিয়ে শফিকের মাথায় আঘাত করেন। এতে শফিক গুরুতর আহত হন। তাঁকে প্রথমে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে কক্সবাজারে পাঠানো হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ১১ দিন চিকিৎসাধীন থাকার পর সোমবার ভোরে তাঁর মৃত্যু হয়। পরিবারের সদস্যরা মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
এলাকাবাসী জানান, অনার্স ও মাস্টার্স সম্পন্ন করা শফিক ছিলেন ভদ্র ও বিনয়ী স্বভাবের। পরিবারকে ঘিরে তাঁর নানা স্বপ্ন ছিল। তবে একটি বিরোধের জেরে সংঘর্ষে আহত হয়ে ২৮ বছর বয়সেই তাঁর মৃত্যু হলো।
স্থানীয় এক জনপ্রতিনিধি বলেন, সামান্য একটি ঘটনাকে কেন্দ্র করেই সংঘর্ষের সূত্রপাত। বিষয়টি যে প্রাণহানির মতো ভয়াবহ পরিণতি ডেকে আনবে, তা কেউ ভাবেননি। তিনি নিহতের পরিবারের প্রতি সমবেদনা জানান।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানান, এ ঘটনায় প্রকৃত অপরাধ উদ্ঘাটন করে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।