শনিবার, ১৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

আর্ন্তজাতিক

ইরানে সরকারবিরোধী বিক্ষোভে সহিংসতা তীব্র, নিহত ছাড়াল ৫০০

ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভে সহিংসতায় নিহতের সংখ্যা ৫০০ ছাড়িয়েছে। যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অ্যাকটিভিস্টস নিউজ এজেন্সি (এইচআরএএনএ) রবিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। সংস্থাটির হিসাব অনুযায়ী, গত দুই সপ্তাহে অন্তত ৪৯০ জন বিক্ষোভকারী এবং নিরাপত্তা বাহিনীর ৪৮ জন সদস্য নিহত হয়েছেন। একই সময়ে বিক্ষোভের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে ১০ হাজার ৬০০-এর বেশি মানুষকে।

প্রতিবেদনে বলা হয়, ২০২২ সালের পর এটিই ইরানে সবচেয়ে বড় গণবিক্ষোভ, যা দেশটির বর্তমান শাসকগোষ্ঠীর জন্য বড় ধরনের রাজনৈতিক চ্যালেঞ্জ হয়ে উঠেছে। গত ২৮ ডিসেম্বর দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে এই আন্দোলনের সূচনা হলেও দ্রুতই তা সরকারের সামগ্রিক রাজনৈতিক ব্যবস্থার বিরুদ্ধে ব্যাপক আন্দোলনে রূপ নেয়। বিভিন্ন শহরে বিক্ষোভকারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষ ছড়িয়ে পড়লে হতাহতের সংখ্যা দ্রুত বাড়তে থাকে।

বিক্ষোভ দমনে সরকার কঠোর অবস্থান নেওয়ায় পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। গত বৃহস্পতিবার থেকে দেশজুড়ে প্রায় সব ধরনের ইন্টারনেট সেবা বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম। ফলে মাঠপর্যায়ের প্রকৃত অবস্থা এবং হতাহতের সঠিক সংখ্যা যাচাই করা কঠিন হয়ে পড়েছে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, তারা এইচআরএএনএ’র দেওয়া তথ্য স্বাধীনভাবে যাচাই করতে পারেনি।

এদিকে পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও উদ্বেগ বাড়ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দফায় দফায় তেহরানকে সতর্ক করে বলেছেন, বিক্ষোভকারীদের ওপর অতিরিক্ত বলপ্রয়োগ করা হলে যুক্তরাষ্ট্র হস্তক্ষেপের বিষয়টি বিবেচনা করতে পারে। এই বক্তব্য ইরান-যুক্তরাষ্ট্র সম্পর্ককে আরও উত্তপ্ত করে তুলেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

অন্যদিকে ইরান সরকার বিক্ষোভের পেছনে বিদেশি ষড়যন্ত্রের অভিযোগ তুলেছে। তেহরানের দাবি, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল দেশটির অভ্যন্তরীণ স্থিতিশীলতা নষ্ট করতে জনগণকে উসকানি দিচ্ছে। তবে সরকার এখন পর্যন্ত হতাহতের কোনো আনুষ্ঠানিক পরিসংখ্যান প্রকাশ করেনি।

বিশ্লেষকদের মতে, ইরানের এই চলমান অস্থিরতা শুধু দেশের ভেতরেই নয়, মধ্যপ্রাচ্যের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতিতেও প্রভাব ফেলতে পারে। পরিস্থিতি দ্রুত স্বাভাবিক না হলে আগামী দিনগুলোতে সহিংসতা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে।

ক্যাটাগরি