বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রামু

রামুতে ২০ হাজার পিস ইয়াবাসহ সিএনজি চালক আটক

কক্সবাজারের রামুতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) অভিযানে আনুমানিক ৬০ লাখ টাকা মূল্যের ২০ হাজার পিস বার্মিজ ইয়াবাসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। রোববার (১৮ জানুয়ারি) দুপুরে রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি)-এর অধীনস্থ মরিচ্যা যৌথ চেকপোস্টে এ অভিযান পরিচালনা করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রামু ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মাহতাব উদ্দিন আহমেদের দিকনির্দেশনায় এবং মেজর মো. আশিকুর রহমানের নেতৃত্বে চেকপোস্ট এলাকায় টহল জোরদার করা হয়। এ সময় একটি সন্দেহজনক সিএনজি অটোরিকশা থামিয়ে তল্লাশি চালানো হয়।

তল্লাশিকালে সিএনজি চালকের আসনের নিচে বিশেষভাবে লুকানো অবস্থায় ২০ হাজার পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৬০ লাখ টাকা।

এ ঘটনায় সিএনজি চালক মো. রমজান মিয়া (৩৮) কে আটক করা হয়। তিনি কক্সবাজার সদর উপজেলার পিএমখালী ইউনিয়নের তোতকখালী গ্রামের আজিজুর রহমানের ছেলে।

বিজিবি জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি ইয়াবা বহনের বিষয়টি অস্বীকার করলেও পরবর্তীতে বিস্তারিত তল্লাশিতে মাদক উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবা ও আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

বিজিবি আরও জানায়, সীমান্ত এলাকায় মাদক পাচার, চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ রোধে তাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

ক্যাটাগরি