বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রামু

রামুতে প্রজ্ঞামিত্র বনবিহারে বর্ণাঢ্য স্বর্গপূরী উৎসব ও বৌদ্ধ মহাসম্মেলন

কক্সবাজারের রামু উপজেলার উত্তর মিঠাছড়ি এলাকায় অবস্থিত প্রজ্ঞামিত্র বনবিহার-এ উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ৪০তম স্বর্গপূরী (ব্যুহচক্র) উৎসব ও বৌদ্ধ মহাসম্মেলন।

শুক্রবার দিনব্যাপী আয়োজিত এই অনুষ্ঠানে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত কয়েকশ বৌদ্ধ ভিক্ষু এবং হাজারো পুণ্যার্থীর উপস্থিতিতে তৈরি হয় এক সম্প্রীতির মিলনমেলা।

উৎসবের সূচনা হয় ভোরে প্রভাতফেরি ও বুদ্ধ পূজার মধ্য দিয়ে। এরপর দিনব্যাপী অষ্টপরিস্কার, মহাসংঘদান, ধর্মসভা এবং পিন্ডদানসহ বিভিন্ন ধর্মীয় আচার-অনুষ্ঠান পালিত হয়।

নাইক্ষ্যংছড়ির ধুংরিপাড়া বৌদ্ধ বিহারের অধ্যক্ষ উ: আছাবা মহাথেরোর সভাপতিত্বে এবং রামু কেন্দ্রীয় সীমা মহাবিহারের অধ্যক্ষ শীলপ্রিয় মহাথেরোর প্রধান জ্ঞাতি হিসেবে আয়োজিত দুই পর্বের এই সম্মেলনে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য লুৎফর রহমান কাজল। তিনি বলেন, এ ধরনের ঐতিহ্যবাহী উৎসব প্রমাণ করে এখানকার মানুষ সম্প্রীতিতে বিশ্বাসী এবং এই সম্প্রীতি ধরে রাখতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জোয়ারিয়ানালা ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম কবির সওদাগর ও সাধারণ সম্পাদক এনামুল হক। ধর্মদেশনায় অংশ নেন করুণাশ্রী মহাথেরো, জ্ঞানেন্দ্রীয় মহাথেরো, ধর্মমিত্র মহাথেরো এবং কে শ্রী জোতিসেন মহাথেরোসহ প্রাজ্ঞ ভিক্ষুসংঘ।

বিকেলে স্বর্গপূরী উদ্বোধন এবং সন্ধ্যায় উৎসব উৎসর্গের পর বিশ্বশান্তি কামনায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়। এতে প্রয়াত ধর্মগুরু প্রজ্ঞামিত্র মহাথেরো ও সারমিত্র মহাথেরোর নির্বাণ সুখ কামনার পাশাপাশি দেশ ও জাতির মঙ্গল কামনা করা হয়।

রাতে বৌদ্ধ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বর্ণাঢ্য এই আয়োজনের সমাপ্তি ঘটে। আয়োজকরা অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন করতে প্রশাসন ও সর্বস্তরের মানুষের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ক্যাটাগরি