কক্সবাজারে প্রাইভেটকারের নিচে ৮৯ হাজার ৪০০ ইয়াবা, আটক ১
কক্সবাজারে বিজিবির বিশেষ অভিযানে একটি প্রাইভেটকারের নিচে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ৮৯ হাজার ৪০০ পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মো. এরফান (৩০) নামে এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার ও একটি স্মার্টফোন জব্দ করা হয়।
রোববার (২০ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১টার দিকে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর রেজুখাল চেকপোস্টের তল্লাশিদল মিনি বান্দরবান রোডে একটি প্রাইভেটকারে তল্লাশি চালায়। এ সময় গাড়ির নিচে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা অবস্থায় এসব ইয়াবা পাওয়া যায়।
বিজিবি জানায়, অভিযানের সময় গাড়িতে থাকা মো. এরফানকে আটক করা হয়। তিনি কক্সবাজার শহরের দক্ষিণ মহুরিপাড়া লিংক রোড এলাকার বাসিন্দা।
এ ঘটনায় আরও তিনজনকে পলাতক আসামি হিসেবে শনাক্ত করা হয়েছে। তারা হলেন—টেকনাফের সাবরাং সিকদার পাড়া এলাকার মো. কাদের (৪৫), মো. কামাল (৪০) এবং রামুর পূর্ব গোয়ালিয়া পালং এলাকার মো. মুনসুর (৫৫)।
কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম, পিবিজিএম, পিএসসি বিষয়টি নিশ্চিত করেছেন।