রামু

রামুতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

কক্সবাজারের রামুতে অভিযান চালিয়ে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে এসআরবি-১৫।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে রামু উপজেলার জোয়ারিয়ানালা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের জোয়ারিয়ানালা বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আসামি মো. রফিক মিয়া (৪৫) ওই এলাকার মৃত কবির আহমেদের ছেলে।

এসআরবি-১৫-এর সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) আ. ম. ফারুক স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানায় দায়ের করা একটি মাদক মামলায় আদালত রফিক মিয়াকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং ৫ হাজার টাকা অর্থদণ্ড দেন। অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও পাঁচ মাসের সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। রায় ঘোষণার পর থেকেই তিনি দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন।

গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-১৫ সদর ব্যাটালিয়নের একটি দল জোয়ারিয়ানালা বাজারের একটি কুলিং কর্নারে অভিযান চালিয়ে রফিক মিয়াকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে কক্সবাজার সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে এসআরবি।

ক্যাটাগরি