রামুতে মা ও নবজাতকের মৃত্যুর ঘটনায় শেফা ডায়াগনস্টিক সেন্টার বন্ধের নির্দেশ
কক্সবাজারের রামুতে প্রসূতি মা ও নবজাতকের মৃত্যুর ঘটনার পর শেফা ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিকে অভিযান চালিয়ে প্রতিষ্ঠানটির কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে বৈধ কাগজপত্র না থাকায় প্রতিষ্ঠানটিকে জরিমানা করা হয়েছে।
রোববার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট স্বরূপ মুহুরীর নেতৃত্বে এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. আহমেদ হাসনাইন জুহেবের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান শেষে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ক্লিনিকটির সব ধরনের কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি প্রতিষ্ঠানের প্রয়োজনীয় বৈধ কাগজপত্র না থাকায় নগদ অর্থ জরিমানা করা হয়েছে।
এদিকে প্রসূতি মা ও নবজাতকের মৃত্যুর ঘটনায় প্রতিবাদ জানিয়ে এবং অভিযুক্ত চিকিৎসকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রামু উপজেলা গেটের সামনে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন নিহতের স্বজন ও স্থানীয় বাসিন্দারা।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, প্রসূতিকে স্বাভাবিক প্রসব করানোর কথা বলে দীর্ঘ সময় অপেক্ষা করানো হয়। পরে প্রয়োজনীয় ও যথাযথ চিকিৎসা না দেওয়ায় মা ও নবজাতকের মৃত্যু হয়েছে বলে তারা দাবি করেন।
বক্তারা ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের চিহ্নিত করার পাশাপাশি অভিযুক্ত চিকিৎসকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।