নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে নুরুল হক নুরকে শোকজ
নির্বাচনপূর্ব আচরণবিধি লঙ্ঘন ও নির্বাচনি অপরাধের অভিযোগে পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনের বিএনপি সমর্থিত প্রার্থী ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে শোকজ (কারণ দর্শানোর নোটিশ) করা হয়েছে।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বরিশালের নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির সিভিল জজ সাব্বির মো. খালিদ এ নোটিশ জারি করেন।
নোটিশ সূত্রে জানা যায়, অ্যাডভোকেট এনামুল হক কর্তৃক উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার, দশমিনা বরাবর দাখিল করা অভিযোগের ভিত্তিতে এই নোটিশ দেওয়া হয়। অভিযোগটি সহকারী রিটার্নিং অফিসারের মাধ্যমে বিচারিক কমিটির কাছে পাঠানো হয়।
অভিযোগে উল্লেখ করা হয়, গত ২৭ জানুয়ারি নির্বাচনি প্রচারণাকালে নুরুল হক নুর সামাজিক যোগাযোগমাধ্যমে স্বতন্ত্র প্রার্থী মো. হাসান মামুন সম্পর্কে নিয়মিতভাবে মিথ্যা, ভিত্তিহীন ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করেছেন, যা জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধিমালার সুস্পষ্ট লঙ্ঘন।
এছাড়া অভিযোগে আরও বলা হয়, গত ২৬ জানুয়ারি রাত আনুমানিক ৮টার দিকে পটুয়াখালীর দশমিনা উপজেলার পাগলা বাজার সেন্টার, চরবোরহান এলাকায় অবস্থিত স্বতন্ত্র প্রার্থী মো. হাসান মামুনের নির্বাচনি অফিসে নুরুল হক নুরের কর্মী-সমর্থকরা ভাঙচুর চালান। এ সময় স্বতন্ত্র প্রার্থীর কয়েকজন কর্মী-সমর্থক আহত হন বলেও অভিযোগ করা হয়েছে, যা আচরণবিধিমালার ৬ (ক) ধারার পরিপন্থি।
নোটিশে বলা হয়, এসব অভিযোগের প্রেক্ষিতে কেন নুরুল হক নুরের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করে নির্বাচন কমিশনে প্রতিবেদন পাঠানো হবে না—তা ব্যাখ্যা করার জন্য তাকে আগামী মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টায় পটুয়াখালী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সশরীরে উপস্থিত হয়ে অথবা উপযুক্ত প্রতিনিধির মাধ্যমে লিখিত ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।