পাহাড়ের ২০টি কেন্দ্রে হেলিকপ্টারে যাচ্ছে নির্বাচনি সরঞ্জাম
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাঙামাটি-২৯৯ আসনে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে জেলা রিটার্নিং কর্মকর্তা কার্যালয়। দুর্গম পাহাড়ি এলাকায় অবস্থিত ভোটকেন্দ্রগুলোতে সুষ্ঠু ও নির্বিঘ্ন ভোটগ্রহণ নিশ্চিত করতে হেলিকপ্টারের মাধ্যমে নির্বাচনি সরঞ্জাম ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের পাঠানো হচ্ছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ১০টি উপজেলা নিয়ে গঠিত রাঙামাটি-২৯৯ আসনে মোট ২১৩টি ভোটকেন্দ্র রয়েছে। এর মধ্যে প্রায় ২০টি কেন্দ্রকে দুর্গম ও ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এসব কেন্দ্র পাহাড়ের গভীরে ও যোগাযোগব্যবস্থা জটিল এলাকায় অবস্থিত হওয়ায় বিশেষ ব্যবস্থার আওতায় নেওয়া হয়েছে।
রাঙামাটি জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা নাজমা আশরাফী জানান, দুর্গম কেন্দ্রগুলোতে উপজেলা পর্যায় থেকে হেলিকপ্টারের মাধ্যমে নির্বাচনি সরঞ্জাম ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের পৌঁছে দেওয়া হচ্ছে। তিনি বলেন, নির্বাচনের সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। রাঙামাটিতে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ৯ হাজার ২৬৭ জন। এর মধ্যে নারী ভোটার ২ লাখ ৪৫ হাজার ৮৫৫ জন এবং পুরুষ ভোটার ২ লাখ ৬৩ হাজার ৪১০ জন।
রাঙামাটি জেলা পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব বলেন, নির্বাচন উপলক্ষে জেলায় এক হাজার ৪১২ জন পুলিশ সদস্য মোতায়েন থাকবে। প্রয়োজনে এই সংখ্যা আরও বাড়ানো হবে। তিনি জানান, সেনাবাহিনী, বিজিবি ও আনসার সদস্যদের পাশাপাশি পুলিশ সদস্যরা ভোটারদের নিরাপত্তা ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে মাঠে কাজ করছে।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাঙামাটি-২৯৯ আসন থেকে বিএনপি, ১১ দলীয় জোট, স্বতন্ত্র প্রার্থীসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছেন।