ঈদগাঁওয়ের নাপিতখালীতে জাফর আলম হত্যা মামলায় ৪ আসামির যাবজ্জীবন কারাদণ্ড
ঈদগাঁও উপজেলার ইসলামপুর ইউনিয়নের নাপিতখালী বাঁশকাটা এলাকার জাফর আলম হত্যা মামলায় চার আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
সোমবার (৯ ফেব্রুয়ারি) কক্সবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-২ এর বিচারক মো. নজরুল ইসলাম এই রায় ঘোষণা করেন।
রায়ে একই মামলার আসামি মনজুরুল ইসলাম (৪৪)কে বেকসুর খালাস দেওয়া হয়। অপর আসামি ফরিদুল হক সোনা মিয়া (৪১)কে ১০ হাজার টাকা অর্থদণ্ডসহ দেড় বছরের কারাদণ্ড প্রদান করা হয়।
যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন নাপিতখালী এলাকার মৃত এজহার মিয়ার পুত্র নুরুল ইসলাম (৮০), আলী হোসেনের পুত্র সিরাজুল ইসলাম (৪৫), সেলিম উল্লাহ (৪৮) এবং নুরুল ইসলামের পুত্র আশরাফুজ্জামান (৪৫)।
মামলার ৫ নম্বর আসামি আব্দুল জলিল ও ১০ নম্বর আসামি আলী হোসেন বিচার চলাকালীন সময়ে মৃত্যুবরণ করেন।
মামলার বিবরণে জানা যায়, ২০১০ সালের ২৬ ডিসেম্বর ঈদগাঁওয়ের ইসলামপুর ইউনিয়নের নাপিতখালী বাঁশকাটা এলাকার গোল্ডেন ফার্মের পূর্ব পাশে জাফর আলমের জমি দখলের চেষ্টা করে আসামিরা। এ সময় জাফর আলম বাধা দিলে তাকে দেশীয় অস্ত্র দিয়ে গুরুতর জখম করা হয়। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
এ ঘটনায় নিহত জাফর আলমের ছেলে আব্দুল মজিদ বাদী হয়ে কক্সবাজার সদর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত এই রায় প্রদান করেন।
রায়ে সন্তোষ প্রকাশ করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আব্দুর রশীদ।