বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদগাঁও

ঈদগাঁওয়ে যুব রেড ক্রিসেন্টের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি-এর যুব শাখা ঈদগাঁও উপজেলা টিমের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৭ মার্চ) বিকেলে উপজেলার গরু বাজারস্থ একটি অভিজাত হোটেলে সৌহার্দ্যপূর্ণ ও আনন্দঘন পরিবেশে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন যুব টিমের সদস্য নেজাম উদ্দিন।

উপজেলা টিম লিডার আজিজুর রহমান রাজুর সভাপতিত্বে আয়োজিত ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাব সভাপতি সেলিম উদ্দিন, ব্যবসায়ী আবু তৈয়ব চৌধুরী, ঈদগাঁও নিউজ ডটকমের চেয়ারম্যান রেজাউল করিম, এডভোকেট এসকে ফারুকী, দৈনিক আমারদেশ প্রতিনিধি আনোয়ার হোসাইন, সিনিয়র সাংবাদিক হাফেজ বজলুর রহমান, জেলা যুব রেড ক্রিসেন্টের সদস্য সাঈদ বিন আল হোসেন হৃদয়, রুবি আক্তার ও সাকিবসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

এ সময় যুব রেড ক্রিসেন্টের বিভিন্ন ইউনিয়নের নারী-পুরুষ স্বেচ্ছাসেবীরা উপস্থিত ছিলেন।

ইফতার পূর্ব সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা বলেন, দলমত নির্বিশেষে ঈদগাঁওয়ের বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন ও সামাজিক-সাংস্কৃতিক কর্মীরা মানবতার কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। উপজেলা যুব রেড ক্রিসেন্ট সেই সেবামূলক কর্মকাণ্ডের একটি শক্তিশালী প্ল্যাটফর্ম হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

বক্তারা আরও বলেন, আর্তমানবতার সেবা, দুর্যোগ মোকাবিলা এবং সামাজিক সচেতনতা বৃদ্ধিতে স্বেচ্ছাসেবীদের এই ঐক্যবদ্ধ প্রচেষ্টা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে যুবকদের মানবিক মূল্যবোধ ও রেড ক্রিসেন্টের মূলনীতি ধারণ করে সমাজের অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তারা।

আয়োজকরা জানান, ইফতার মাহফিলটি কেবল একটি আনুষ্ঠানিক আয়োজন নয়; বরং এটি স্বেচ্ছাসেবীদের মধ্যে পারস্পরিক ভ্রাতৃত্ব, সম্প্রীতি ও সহযোগিতার বন্ধন আরও সুদৃঢ় করার একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ।

সবশেষে দেশ, জাতি ও উপজেলার সার্বিক উন্নয়ন ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানটি সমাপ্ত হয়।

ক্যাটাগরি