ফেসবুকে সহায়তা চেয়ে পোস্ট, ঈদগাঁওয়ে শিকলবন্দি ঢাবি শিক্ষার্থী উদ্ধার
কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে শিকল দিয়ে আটকে রাখার ঘটনা প্রকাশ্যে আসার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পরে পুলিশ অভিযান চালিয়ে ওই শিক্ষার্থীকে উদ্ধার করে।
স্থানীয় সূত্রে জানা যায়, ভুক্তভোগী শিক্ষার্থী নিজেই “ঢাকা বিশ্ববিদ্যালয় নিরাপত্তা মঞ্চ” নামের একটি ফেসবুক গ্রুপে শিকল পরা নিজের ছবি প্রকাশ করে সাহায্য চান। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে শিক্ষার্থী মহলসহ বিভিন্ন স্তরে উদ্বেগ তৈরি হয়।
ঘটনাটি ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নজরে আনা হলে তার নির্দেশে সোমবার (২৩ ফেব্রুয়ারি) ভোররাত আনুমানিক ৪টার দিকে পুলিশ অভিযান চালায়। অভিযানে শিকলবন্দি অবস্থায় ওই শিক্ষার্থীকে উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়।
শিক্ষার্থীর নিরাপত্তার স্বার্থে তার নাম-পরিচয় এবং উদ্ধারের সুনির্দিষ্ট স্থান গোপন রাখা হয়েছে। বর্তমানে তিনি পুলিশের হেফাজতে রয়েছেন এবং নিজেকে নিরাপদ মনে করছেন বলে জানিয়েছেন।
এদিকে শিক্ষার্থীর পরিবারের দাবি, তিনি কিছুদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন এবং তার চিকিৎসাও চলছিল। তবে ভুক্তভোগীর অভিযোগ, তাকে অকারণে শিকলবন্দি করে নির্যাতন করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, শিক্ষার্থীর শারীরিক ও মানসিক অবস্থা যাচাই করা হবে। অসুস্থতা নিশ্চিত হলে প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা নেওয়া হবে। অন্যদিকে অভিযোগের সত্যতা পাওয়া গেলে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।