বিনোদন

আইয়ুব বাচ্চুর একুশে পদক গ্রহণ করলেন তার স্ত্রী চন্দনা

প্রধানমন্ত্রী তারেক রহমানের থেকে আইয়ুব বাচ্চুর একুশে পদক গ্রহণ করেন তার স্ত্রী চন্দনা। ছবি: সংগৃহীত

জাতীয় জীবনের বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) ‘একুশে পদক-২০২৬’ প্রদান করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তন-এ আয়োজিত এক অনুষ্ঠানে এ বছরের পদকপ্রাপ্তদের হাতে দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা তুলে দেওয়া হয়।

এ বছর সংগীতে বিশেষ অবদানের জন্য প্রয়াত কিংবদন্তি শিল্পী আইয়ুব বাচ্চু-কে মরণোত্তর একুশে পদকে ভূষিত করা হয়। তার পক্ষে মর্যাদাপূর্ণ এই পদক গ্রহণ করেন স্ত্রী ফেরদৌস আক্তার চন্দনা। পদক গ্রহণের পর তিনি সামাজিক মাধ্যমে লেখেন, “এটা শুধু আইয়ুব বাচ্চুর শিল্পী হিসেবে সম্মাননা নয়, এটা বাংলা ব্যান্ড সংগীতের ও সঙ্গীতের রাষ্ট্রীয় স্বীকৃতি।”

এ বছর দেশের ৯ জন বিশিষ্ট ব্যক্তি ও একটি প্রতিষ্ঠানকে একুশে পদক প্রদান করা হয়েছে। অভিনয়ে ফরিদা আক্তার ববিতা, চারুকলায় অধ্যাপক ড. মো. আব্দুস সাত্তার, স্থাপত্যে মেরিনা তাবাসসুম, সংগীতে আইয়ুব বাচ্চু (মরণোত্তর), নৃত্যে অর্থী আহমেদ এবং পালাগানে ইসলাম উদ্দিন পালাকার এই সম্মাননায় ভূষিত হয়েছেন। এছাড়া সাংবাদিকতায় শফিক রেহমান, শিক্ষায় অধ্যাপক ড. মাহবুবুল আলম মজুমদার, ভাস্কর্যে তেজস হালদার জস এবং সংগীতাঙ্গনে অবদানের জন্য জনপ্রিয় ব্যান্ড ওয়ারফেজ-কে একুশে পদক দেওয়া হয়।

ব্যান্ড ওয়ারফেজের পক্ষে দলনেতা শেখ মনিরুল আলম টিপু পদক গ্রহণ করেন। রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে এই সম্মাননা প্রদানের মাধ্যমে দেশের শিল্প, সাহিত্য, সংস্কৃতি ও জ্ঞানচর্চার বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা ব্যক্তিত্বদের প্রতি গভীর শ্রদ্ধা ও স্বীকৃতি জানানো হয়েছে।

ক্যাটাগরি