মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

চকরিয়া

চকরিয়ায় অপহরণের দুই দিন পর কিশোর উদ্ধার, একজন গ্রেপ্তার

কক্সবাজারের চকরিয়া উপজেলায় অপহরণের দুই দিন পর পারভেজ হোসেন (১৭) নামের এক কিশোরকে উদ্ধার করেছে পুলিশ। ঘটনায় জড়িত সন্দেহে নুরুল ইসলাম (৩৫) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (১১ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের ছগিরশাহকাটা এলাকার একটি পাহাড়ি এলাকা থেকে অপহৃত কিশোর পারভেজকে উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গত মার্চ রাত আনুমানিক ২টার দিকে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আমিরাবাদ এলাকা থেকে নিজ বাড়ি চকরিয়ার হারবাং ইউনিয়নের উত্তর হারবাংয়ে ফিরছিল পারভেজ। পথে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলার আজিজনগর রাস্তার মাথা এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা তাকে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়।

পরে অপহরণকারীরা পারভেজের পরিবারের কাছে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। ঘটনায় পারভেজের পরিবার চকরিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ অভিযান শুরু করে।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেনের নেতৃত্বে পুলিশের একটি আভিযানিক দল প্রযুক্তিগত তথ্য–উপাত্তের সহায়তায় কক্সবাজার জেলার বিভিন্ন স্থানে অভিযান চালায়। টানা প্রায় ১৬ ঘণ্টা অভিযানের পর ডুলাহাজারা ইউনিয়নের ছগিরশাহকাটা এলাকার একটি গহিন পাহাড়ি স্থান থেকে অপহরণে জড়িত সন্দেহে নুরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই এলাকার মৃত আমির সুলতানের ছেলে।

গ্রেপ্তার নুরুল ইসলামের দেওয়া তথ্যের ভিত্তিতে অপহৃত কিশোর পারভেজ হোসেনকে উদ্ধার করা সম্ভব হয়।

চকরিয়া থানার ওসি মনির হোসেন বলেন, ঘটনায় থানায় অপহরণ মামলা দায়ের করা হয়েছে। অপহরণের সঙ্গে জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

ক্যাটাগরি